লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডিজিটালাইজেশনের পক্ষে কথা বললেও অনলাইনে পুলিশি সেবার জন্য যোগাযোগ কিংবা তথ্য সংগ্রহের পথ অনেকটাই রুদ্ধ।
ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইটে পুলিশ কমিশনার বেনজির আহমেদের ছবি-জীবন বৃত্তান্ত ছাড়া অধিকাংশ বিষয়ে কয়েক বছর ধরে কোনো হালনাগাদ তথ্য নেই। অথচ ওয়েবসাইটটি দেখভাল করার জন্য কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন।
গত বছর অক্টোবর মাসে মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস কার্যালয় উদ্বোধন করেন কমিশনার বেনজির আহমেদ। এই কার্যালয়ে বেশ কিছু নতুন প্রযুক্তি স্থাপন করা হয়। সেদিন পুলিশ কমিশনার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্যও দিয়েছিলেন।
ওয়েবসাইটটি (www.dmp.gov.bd) খুললেই প্রচ্ছদে (হোম পেজ) দেখা যায় মহানগর পুলিশের পুরাতন ভবনের ছবি। নতুন কার্যালয় প্রায় দুই বছর আগে চালু হলেও ওয়েবসাইট দেখে তা জানার কোনো উপায় নেই।
মহানগর পুলিশের এ ওয়েবসাইটে জরুরি যোগাযোগের জন্য বিটিসিএলএর দুটি টেলিফোন নম্বর দেওয়া থাকলেও সেগুলো এখন আর ব্যবহার হয় না। খোঁজ নিয়ে জানা গেছে, এই ফোন নম্বরগুলো অনেক আগেই পরিবর্তন হয়েছে।
পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের উপ-পরিদর্শক (এসআই) বজলার রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তত এক মাস আগে এই নম্বর দুটিসহ ফ্যাক্স নাম্বারও বদলে গেছে।”
যারা এই ওয়েবসাইট থেকে পুলিশ বিভাগের তথ্য খুঁজবেন, তারা ঢাকা মহানগরে পুলিশের থানা ও অপরাধ বিভাগের সংখ্যা এবং টেলিফোন নম্বর নিয়েও বিভ্রান্তিতে পড়বেন।
ওয়েবসাইটে ঢাকা মহানগর পুলিশের সহযোগী কয়েকটি প্রতিষ্ঠানের নাম ও লোগো দেওয়া আছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের যে লোগো দেওয়া হয়েছে, তা পাঁচ বছরেরও বেশি সময় আগে পরিবর্তন হয়েছে।
বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ডের (বিটিটিবি) নাম বদলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) হয়েছে ২০০৮ সালের জুলাই মাসে। কিন্তু ডিএমপির ওয়েবসাইটে সহযোগী প্রতিষ্ঠানের তালিকায় এখনো দেখা যাচ্ছে ‘বিটিটিবির’ নাম ও লোগো।
মাসিক ও বার্ষিক অপরাধ প্রতিবেদনের একটি অংশ রয়েছে এই ওয়েবসাইটে। তবে সেখানে ২০০৬ সালের ডিসেম্বর মাস ছাড়া আর কোনো বছর বা মাসের প্রতিবেদন নেই।
মোস্ট ওয়ানটেড তালিকায় যেসব অপরাধীর নাম রয়েছে তাদের ব্যাপারে নতুন কোনো তথ্যও নেই ওয়েবসাইটে। সা¤প্রতিক অপরাধ প্রবণতার যে লেখচিত্র দেওয়া আছে তা ২০০৯ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপরাধের ধরন ও সংখ্যা নিয়ে করা।
একইভাবে পুলিশ কমিশনারদের নাম ও ছবির তালিকা ২০০৩ সালের পর আর হালনাগাদ করা হয়নি।
‘স্মরণীয়’ করে রাখতে কয়েকজন পুলিশ সদস্যের নামের তালিকা দেওয়া আছে ওয়েবসাইট। তবে তাদের ছবি যেমন নেই, তেমনি কী কারণে তাদের স্মরণ করা হচ্ছে তার কোনো বর্ণনাও।
এ ব্যাপারে যোগাযোগ করলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়েবসাইটটিকে নতুন রূপ দিতে একটি বিশেষজ্ঞ দল কাজ করছেন। খুব শিগগিরই এর বহিঃপ্রকাশ ঘটবে।”
এই ‘বহিঃপ্রকাশ’ কবে ঘটবে সে বিষয়েও সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।
‘ডিজিটালাইজেশনের’ জন্য মহানগর পুলিশের বার্ষিক বরাদ্দ কতো- সে বিষয়েও কর্মকর্তারা স্পষ্ট কিছু জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/পিডি/জেকে/১৩২০ ঘ.
bdnews24