মুন্সীগঞ্জ/রাজবাড়ী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সারারাত বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ থাকে প্রায় সাড়ে ১১ ঘণ্টা। আর মাওয়া-কাওড়াকান্দি পথে ৯ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ রাখতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশার কারণে সোমবার রাত ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে আবার পারাপার শুরু হয়।
রাতে দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি আটকা পড়ে। এছাড়া দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহ আলী মাঝ নদীতে নোঙর করে রাখা হয়।
পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার জানান, পাটুরিয়া ঘাটে চারটি ফেরি আটকে ছিলো।
এদিকে কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথেও সোমবার রাত পৌনে ১১টার দিকে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, আবহাওয়ার উন্নতি হলে মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল আবার চালু হয়।
তিনি জানান, কুয়াশায় নদীর পথ বুঝতে না পারায় টাপুল, রানীক্ষেত, যমুনা, রানীগঞ্জ, কিশোরী ও করবী নামের ছয়টি ফেরি মাঝপদ্মায় নোঙ্গর করে রাখতে হয় রাতে। এছাড়া মাওয়া ঘাটে ফেরি ভাষা শহীদ বরকত যানবাহন তুলেও ঘাটেই আটকে থাকে।
কনকনে শীতে ফেরিতে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। দুটি রুটেই ফেরি বন্ধ থাকায় ঘাটে সৃষ্টি হয় যানজট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২৪০ ঘ.
bdnews24