২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবির ছাত্রলীগ সমর্থক ছয় ছাত্র বহিষ্কৃত

হামলা ও ভাংচুরের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সমর্থক ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 06:38 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

নোয়াখালী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলা ও ভাংচুরের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সমর্থক ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন- সিএসটিই দ্বিতীয় ব্যাচের মো. মঞ্জুর আলম মহসীন, ত্রিপাঠি চাকমা, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্সের দ্বিতীয় ব্যাচের আনিসুল ইসলাম মাহমুদ, চতুর্থ ব্যাচের বিনয় রায়, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের মো. মাহমুদুর রহমান ও মো. আমির হামযা দিদার। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত এই বহিষ্কারাদেশ বহাল থাকবে। এছাড়া শৃঙ্খলা বোর্ডের সভায় ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। সোমবার শৃঙ্খলা বোর্ডের সভায় গৃহীত এ সিদ্ধান্ত রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোববার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রতিপক্ষের হামলায় আহত হলে কয়েকজন ছাত্র কর্তৃপক্ষের কাছে একটি গাড়ি চায়। গাড়ি দেওয়া না হলে পরবর্তীতে তারা ক্যাম্পাসে ভাংচুর করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আনিছুর জামান বাদী হয়ে বহিষ্কৃত এই ছয় ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০/১৫ জন যুবককে আসামি করে ভাংচুরের ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা করেছেন। ভাংচুরের ঘটনায় সোমবার শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী সমতি পৃথক সভা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপচার্যের কাছে দাবি জানায়। উপাচার্য অধ্যাপক একেএম সাঈদুল হক চৌধুরী বলেন, “বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় আইন-শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। সাড়ে তিন ঘণ্টার এ সভায় বহিষ্কারের সিদ্ধান্ত হয়।” উপাচার্য বলেন, “ছাত্রলীগের নাম ভাঙিয়ে মহসিনের নেতৃত্বে এই ছাত্ররা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অরাজকতা চালিয়ে আসছে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিশ্ববিদ্যালয়ের এসএসসিই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মসহিনের পক্ষের সমর্থক কামরুজ্জামান সজিব নোয়াখালী শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে সোনাপুর এলাকায় একদল সন্ত্রাসী তাকে পিটিয়ে আহত করে। ওই সময় তাকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবরটি ক্যাম্পাসে পৌঁছলে মহসিন ও তার অনুসারীরা সজিবকে দেখতে যেতে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস চায় পরিবহন পুলের দায়িত্বে থাকা শিক্ষক রবিউল হাসান রনির কাছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর রনি মাইক্রোবাস দেওয়া সম্ভব নয় বলে জানান। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে সজিবকে ক্যাম্পাসে আনেন মহসিন। এরপর সন্ধ্যায় ছাত্রলীগের মহসিন সমর্থক নেতাকর্মীরা শিক্ষক ডর্মিটরিতে গিয়ে শিক্ষকদের গালাগাল দেয় এবং সেখানে থাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস ভাংচুর করে। একই সময়ে প্রশাসনিক ভবনের নিচ তলার অন্তত ১০টি জানালা, একটি বাসের গ্লাস ভাঙচুর করে। পরে তারা ভাষা শহীদ আবদুস সালাম হলে গিয়ে মাজেদ গ্র“পের সমর্থক ছাত্রদের ১০/১২টি কক্ষ, কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করে। ছাত্রলীগ সমর্থক মো. মহসিন অভিযোগ অস্বীকার করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ক্যাম্পাসের বাইরে পিটিয়ে আহত করা হলো। তাকে চিকিৎসা দিতে বিশ্ববিদ্যালয়ের গাড়ি চাইলেও পাওয়া যায়নি। একারণেই ক্ষুব্ধ হয়ে সাধারণ ছাত্ররা কিছু জানালা ভাংচুর করেছে। এখন রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।” অন্যদিকে অন্য গ্র“পের নেতা আবদুল মাজেদ অভিযোগ করেন, তাদের ১১টি কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়েছে অন্য পক্ষ। চারটি কম্পিউটার ও আসবাবপত্রও ভাংচুর করেছে। জামাকাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে। পাঁচটি ল্যাপটপ লুট করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/০০৩৫ ঘ.