সিলেট, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মহলের অনুরোধের প্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন।
সোমবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল থেকে পদত্যাগ না করার অনুরোধের প্রেক্ষিতে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তারা সবাই সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে আমাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানও তাকে টেলিফোন করে পদত্যাগ না করার অনুরোধ করেছেন বলে জানান সালেহ উদ্দিন।
নিজেকে ‘ষড়যন্ত্র’ থেকে বাঁচাতে পদত্যাগ করবেন বলে সোমবার দুপুরে ঘোষণা দেন তিনি।
সেসময় উপাচার্য সাংবাদিকদের বলেন, “ক্ষমতালোভী শিক্ষকদের একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আর এ ঘড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
“খুব শিগগিরই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেব,” যোগ করেন তিনি।
তবে ষড়যন্ত্রকারীদের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
উপাচার্য পদত্যাগ করছেন- এমন খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে উপাচার্য কার্যালয়ের সামনে শিক্ষক ও কর্মচারীরা জড়ো হতে থাকেন। তারা পদত্যাগ না করতে উপাচার্যকে অনুরোধ করেন।
এ অবস্থায় দুপুর ২টায় সমবেতদের উদ্দেশে বক্তব্য দেন উপাচার্য সালেহ উদ্দিন।
সে সময় তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ রোববার বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদের দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের কাছে তার বিরুদ্ধে স্মারকলিপি পাঠানো হয়েছে।
এ অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটানোরও চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রোববার নবীনবরণ অনুষ্ঠানের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন এবং মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী পাল্টাপাল্টি অভিযোগ করেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সংকট নিরসনে বর্তমান ইউজিসি চেয়ারম্যানকে পাঁচ বার চিঠি দেওয়া হলেও তার কোনো জবাব পাওয়া যায়নি।”
এর জবাবে ইউজিসি চেয়ারম্যান বলেন, “একুশ শতকে এসেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জ্ঞানের বালখিল্যের পরিচয় দিয়েছেন। অর্থ বরাদ্দের তালিকায় শাবি দ্বিতীয় অবস্থানে রয়েছে, অথচ অনুষ্ঠানে শাবি ভিসি শিক্ষার্থীদের বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৪৮ ঘ.
bdnews24