ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ‘স্বার্থ রক্ষায়’ অবিলম্বে সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। পাশাপাশি দাবি বাস্তবায়নে আগামী ১৭ জানুয়ারি বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়।
গত ২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি চলাকালে ‘পুলিশি নির্যাতনের’ প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়।
আনু মুহাম্মদ বলেন, “দেশে এখনো উন্মুক্ত কয়লা খনি করার চক্রান্ত চলছে যা জনগণ মেনে নেবে না।”
বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, “দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ওপর বিদেশি কোম্পানি ও দেশি কমিশনভোগীদের আধিপত্য রয়েছে। সেজন্য এ খাতের সংকট উত্তরণে সহজ হলেও তা সম্ভব হচ্ছে না।”
দেশের ‘স্বার্থ রক্ষায়’ আগামী ১৭ জানুয়ারি পিডিবি ঘেরাও কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান আনু মুহাম্মদ।
কমিটি দাবিগুলো হলো- সংসদে খনিজসম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস, বিদেশি কোম্পানির সঙ্গে আর উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) না করা, প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ পদ্ধতিতে কয়লা উত্তোলন, কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন, বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া এবং দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন।
সমাবেশে আরো বক্তব্য দেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য রাগিব হাসান মুন্না প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১০২ ঘ.
bdnews24