২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালী হত্যামামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামের ১১ জনকে পুড়িয়ে হত্যামামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন আবার পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামের ১১ জনকে পুড়িয়ে হত্যামামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন আবার পিছিয়েছে। সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হোসনে আরা বেগম ২২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঠিক করেছেন। গত বছরের ১৭ অক্টোবর এ মামলার সাক্ষ্য শুরুর দিন ছিল। রাষ্ট্রপক্ষের সময় আবেদনে বিচারক ২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগার থেকে এক আসামিকে হাজির না করায় বিচারক সাক্ষ্যগ্রহণ শুরুর নতুন তারিখ দিয়েছেন। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে এক দল সন্ত্রাসী আগুন ধরিয়ে দেয়। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে হত্যা মামলা করেন। সাত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম সিআইডি'র সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ গত বছরের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র জমা দেন। এরপর গত ১২ সেপ্টেম্বর বিএনপিনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করে আদালত। বাদ পড়েন একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৯১৪ ঘ.