জামালপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মা’র বিরুদ্ধে।
নিহত মো. মিজান (১৬) বাট্টাজোর পূর্ব পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। দত্তের চর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল।
রোববার রাতে মিজানের মৃত্যুর খবর আসার পর সৎ মা বেদেনা বেগমসহ বাড়ির লোকজন পালিয়ে গেছে বলে তার মা তাপসী বেগম জানান।
বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিজানের পাকস্থলীতে বিষের আলামত পাওয়া গেছে।”
পেট পরিষ্কার করে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ওখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়, বলেন ডা. মাইনুল।
মিজান সিঙ্গাপুর প্রবাসী রফিকুল ইসলামের প্রথম পক্ষের ছেলে। তার মায়ের নাম তাপসী বেগম এবং সৎ মা’র নাম বেদেনা বেগম।
তাপসী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি চলে যান। কিন্তু মিজান বাবা ও সৎ মা’ সঙ্গে থেকে যায়।
তিনি জানান, কয়েকদিন আগে খাতা-কলম কেনার জন্য ঘরের ধান বিক্রি করায় সৎ মা মারধর করে মিজানকে বাড়ি থেকে বের করে দেন।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আবার বাড়ি ফেরে। রাতে ভাতের সঙ্গে মিজানকে কৌশলে বিষ মিশিয়ে খাওয়ান বেদেনা।
বকশিগঞ্জ থানার ওসি আবু মো. ফজলুর করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24