২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন বর্জন হবে রাজনৈতিক ভুল’

জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করাই এ মুহূর্তে বিরোধী দলের প্রধান কাজ হওয়া উচিৎ বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী নির্বাচন বর্জন করলে তা হবে একটি রাজনৈতিক ভুল। বিবিসি রেডিওতে মঙ্গলবার প্রচারিত এক সক্ষাৎকারে তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করাই এই মুহূর্তে বিরোধী দলের প্রধান কাজ হওয়া উচিৎ। প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পর্ক ‘এমনিতে খারাপ নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করায় প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা আন্দোলন চালিয়ে আসছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইতোমধ্যে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে না হলে তার দল আগামী নির্বাচনে অংশ নেবে না। এ প্রসঙ্গে টেনে বিবিসি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিল, বর্তমান সরকারের অধীনে পরবর্তী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ব্যাপারে তিনি কতোটা আত্মবিশ্বাসী। উত্তরে শেখ হাসিনা বলেন, “আমাদের সরকার বলে কোনো... ইলেকশন করবে ইলেকশন কমিশন। নতুন ইলেকশন কমিশন হবে। ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন, তিনি সকলের মতামত নিচ্ছেন। মতামত নেওয়ার পর উনি যেভাবে ইন্সট্রাকশন দেবেন, সেভাবেই হবে। আমরা তো চাই, আমাদের বিরোধী দলও সেখানে যাক, তাদের মতামতটা দিক। তারা নির্বাচন কমিশনার কাকে চায়, কীভাবে চায়, তারা কীভাবে করতে বলে, সে মতামতটাও তারা দিতে পারে।” “যদি তারা ইলেকশনে অংশগ্রহণ না করে, তাহলে হয়তো তারা রাজনীতিতে ভুল করবে”, যোগ করেন তিনি। বিগত চার দলীয় জোট সরকারের সময়ে বিএনপির ‘সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি’ দেশের মানুষ মনে রেখেছে উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, “মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্র হরণ করার ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না।” তত্ত্বাবধায়ক উচ্চ আদালত আরো দুইবার তত্ত্বাবধায়ক ব্যবস্থায় নির্বাচন করা যেতে পারে বলে যে মত দিয়েছিল- সরকার তা কেন গ্রহণ করেনি জানতে চাইলে শেখ হাসিনা বিবিসিকে বলেন, “হাইকোর্ট তো অর্ডার দেয়নি, অপশন দিয়েছিল যে- ‘করা যেতে পারে’। আমরা হাইকোর্টের যে মূল রায়টা, সেটাই বাস্তবায়ন করেছি।” তত্ত্বাবধায়ক ব্যবস্থা না রাখার পক্ষে যুক্তি দিয়ে প্রধানমন্ত্রী ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর দায়িত্ব পালন এবং সেই সময়ে রাজনৈতিক দলগুলোর ওপর দমন পীড়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “শেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেটা হলো- এই যে দুই বছর থাকা, জেল জুলুম, মাইনাস টু ফর্মুলা- আমি জানি না, বিরোধী দলীয় নেতা কীভাবে ভুলে গেলেন যে তত্ত্বাবধায়ক সরকারের হাতে তিনি কীভাবে নিগৃহীত হয়েছেন, তার ছেলেদের মেরে মুচলেকা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে যে মামলাগুলো, সেগুলো এখনো দুর্নীতি দমন কমিশনে চলছে।” “তারপরও উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাচ্ছেন, আবার কোনো তত্ত্বাধায়ক সরকারের আমলে যে একই ঘটনা ঘটবে না, এই গ্যারান্টি কে দেবে”, প্রশ্ন রাখেন হাসিনা। তিনি বলেন, “উনি জনগণের ওপর বিশ্বাস রাখতে পারছেন না কেন? উনার তো জনগণের ওপর বিশ্বাস রাখতে হবে। তাদের এখন উচিৎ হচ্ছে- কি করে জনগণের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে পারে সেই কাজটা করা।” রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন তিন বছর আগে বিপুল ভোটে নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছে, ২০০৮ সালে আমাদেরকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে, যার ফলে আমরা সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনার পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে।” আওয়ামী লীগ সমস্ত ‘মেধা ও শক্তি’ দেশের উন্নয়নে কাজে লাগিয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ২০০১ এর নির্বাচনের চার দলীয় জোট সরকারের সময় পর যেভাবে রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন হয়েছিল, তার দল নির্বাচিত হওয়ার পর সে ধরনের কিছু হয়নি। “পার্লামেন্টে আমিও তো অপজিশন লিডার ছিলাম। কিন্তু আমার তো কথা বলারই সুযোগ ছিল না। প্রায় ৭২ বার আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমাদের যিনি অপজিশন লিডার, তিনি তো ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারেন”, বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার বিরোধী দলের সদস্যদেরও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, “এটা পৃথিবীর কোনো দেশে কোনো দল দেবে না, বড় দল ছাড়া। আমরা চাই একটা ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি হোক।” “এই যে তিন বছর বাংলাদেশে শান্তিপূর্ণ একটা পরিবেশ আমরা ধরে রাখতে পারলাম, ইতিবাচক রাজনীতি করি বলেই তো এটা সম্ভব হয়েছে”, যোগ করেন তিনি। যুদ্ধাপরাধের বিচার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে বিরোধী দলের সঙ্গে সম্পর্কোন্নয়নের কোনো উদ্যোগ নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “আপনারা যে বলেন সম্পর্ক ভালো নয়, এটা তো ঠিক না। আমাদের বিরোধী দল স্ট্যান্ডিং কমিটিতে আসছেন, মতামত দিচ্ছেন। যখন বিদেশে যাওয়ার, তারা সংসদ সদস্যদের সঙ্গে বিদেশে যাচ্ছে। অপজিশনের কতগুলো মতামত থাকবে, তারা অপোজ করবে। তারা তো করতেই থাকবে। তবে বর্তমান অপজিশনের যেটা সমস্যা হয়ে গেছে- যেমন ধরেন যুদ্ধাপরাধীদের বিচার।” একাত্তরের যুদ্ধাপরাধের বিচার এ দেশের মানুষের দীর্ঘদিনের দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তাদের (যুদ্ধাপরাধী) যখন বিচার হতে যাচ্ছে, তখন আমাদের বিরোধী দল যখন সেই যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য নামে, বোমাবাজি শুরু করে, মানুষ হত্যা শুরু করে, তখন আমরা সেটা কীভাবে হতে দেব? মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াটাও তো আমাদের কাজ।” এমনিতে বিরোধী দলের সঙ্গে সম্পর্ক ‘খারাপ না’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে তারা জানমালের ক্ষতি করলে তা থামানো সরকারের দায়িত্ব। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির দুই নেতা ও তাদের শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিএনপি এর বিরোধিতায় বলে আসছে, সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে বিরোধী দলীয় নেতাদের হয়রানি করছে। অন্যদিকে সা¤প্রতিক কিছু বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করতে বিরোধী দল এই নাশকতা চালাচ্ছে। বিবিসির এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “কেউ যদি বাসে আগুন দিয়ে, বোমা মেরে মনে করে যে যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে, তাহলে তা ঠিক না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৩০ ঘ.