চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারায় পারকির চর সংলগ্ন বঙ্গোপসাগরে লাইটারেজ জাহাজের ধাক্কায় এক মাঝি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আহত হন নৌকার আরেক আরোহী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল নিকি বড়–য়া জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সিদ্দিক (৩৭) আনোয়ারা থানার পদুয়া গহিরা এলাকার ৩ নম্বর ইউনিয়নের আলী হোসেনের ছেলে।
আহত দারুল সালাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কনস্টেবল নিকি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে আনোয়ারা পারকির চর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ছোট মাছ ধরার নৌকা চালাচ্ছিলেন আবু সিদ্দিক।
“এসময় একটি লাইটারেজ জাহাজ নৌকাটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত আবু সিদ্দিকের মামা বজল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকায় তিনজন ছিলো। জাহাজের ধাক্কায় দারুল সালাম নামের অন্য একজন বুকে ব্যথা পেয়েছেন, তবে মোমেন আলী নামের অন্যজন সুস্থ আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/০৩৩১ ঘ.
bdnews24