২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা শামসুর মারা গেছেন

মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান খান শাজাহান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

টাঙ্গাইল, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান খান শাজাহান মারা গেছেন। সোমবার ভোররাতে শহরের আদালত পাড়ার বাসায় শামসুর রহমানের মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৫৪ থেকে ৫৬ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ১৯৬৫ থেকে ’৬৬ টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময়ে নর্থ ইস্ট জোনে এবং আঞ্চলিক প্রশাসন কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে শামসুর রহমান। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই নেতা ১৯৭৩ ও ১৯৭৯ সনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাদ জোহর শামসুর রহমানের গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলা ঈদগাঁ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। প্রধানমন্ত্রীর শোক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামসুর রহমান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেছেন, শামসুর রহমান ছাত্রজীবন থেকেই পাকিস্তানি ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর পরাধীনতার শৃঙ্খল থেকে স্বদেশভূমির স্বাধীনতা সংগ্রাম সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা এবং সব গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শামসুর রহমানের মৃত্যুতে দেশ একজন সৎ, ত্যাগী, নিষ্ঠাবান রাজনীতিককে হারালো বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শামসুর রহমানের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মন্ত্রিসভার সদস্যরা শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/২১৫০ ঘ.