২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানিদের ঘড়বাড়ি চিনিয়ে দেয় সাঈদী’

“পাড়ের হাট এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী আসার পর দেলাওয়ার হোসাইন সাইদী ও সেকান্দার শিকদার তাদের হিন্দু ও আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘর দেখিয়ে দেয়। এর পরই শুরু হয় লুটপাট অগ্নিসংযোগ।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “পাড়ের হাট এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী আসার পর দেলাওয়ার হোসাইন সাইদী ও সেকান্দার শিকদার তাদের হিন্দু ও আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘর দেখিয়ে দেয়। এর পরই শুরু হয় লুটপাট অগ্নিসংযোগ।” রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভাবে জামায়াতে ইসলামী নেতা সাঈদীর যুদ্ধাপরাধের বর্ণনা দেন মামলার অষ্টম সাক্ষী মো. মোস্তফা হাওলাদার। জবানবন্দি শেষে মোস্তফাকে জেরা শুরু করেন সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম। জেরা আগামী সোমবারও চলবে। এর আগে সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে মামলার সপ্তম সাক্ষী মফিজ উদ্দিন পশারীর জেরা শেষ করেন সাঈদীর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী। ‘সাঈদীসহ অন্যরা অভ্যর্থনা জানায়’ ১৯৭১ সালের ৭ মে দেলাওয়ার হোসেন শিকদার বর্তমানে সাঈদী, সেকান্দার শিকদার, দানেশ মোল্লা, মোসলেম মাওলানাসহ অন্যান্য শান্তিবাহিনীর সদস্যদের স্থানীয় রাজাকার বাহিনী নিয়ে পাড়ের হাট বাজার এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর জন্য অপেক্ষা করতে দেখার কথা আদালতকে জানান মোস্তফা। সে সময় মোস্তফা পাড়ের হাট বাজারে ছোলা-মুড়ি বিক্রি করতেন। তিনি বলেন, “২৫টি রিক্সায় ৫২ জন পাক সেনা পাড়ের হাট বাজারে প্রবেশ করলে সাঈদীসহ অন্যান্যরা তাদের অভ্যর্থনা জানায়। এর পরই সাঈদী এলাকার হিন্দু বাড়ি এবং ‘নৌকা মার্কা’ সমর্থকদের বাড়ি দেখিয়ে দেয়। এসময় সাঈদী, মোসলেম মাওলানা, সেকান্দার শিকদার, খলিল মৌলভী নেতৃত্বে প্রায় ৩০/৩৫টি দোকান লুটপাট করা হয়। লুটপাটের পরে পাকিস্তানি সেনারা বাজারের কাছে রাজলক্ষ্মী হাই স্কুলে ক্যাম্প স্থাপন করে।” ৫৬ বছর বয়সী মোস্তফা বলেন, “এর পরের দিন ১৫/১৬ জন পাক সেনা এবং ৩০/৩৫ জন রাজাকার বাদুড়া গ্রামে প্রবেশ করে। সেখানে তার ‘নৌকা সমর্থক’ নুর খানের বাড়িতে অগ্নি সংযোগ এবং লুটপাট চালায়। এছাড়াও তারা রইচ উদ্দিন পশারী এবং শহীদ উদ্দিন পশারীর বাড়িতেও অগ্নি সংযোগ ও লুটপাট করে। পশারীদের বাড়ি থেকে মফিজ এবং ইব্রাহিম কুট্টিকে ধরে নিয়ে যায়। খালের এপার থেকে আমরা সব দেখেছি।” তিনি বলেন, “মফিজকে পাক সেনারা স্থানীয় রাজাকার ক্যাম্পে নিয়ে যায় এবং কুট্টিকে থানার হাটে নিয়ে এসে গুলি করে মেরে ফেলে। গুলি করার পরে কুট্টির লাশ লাথি দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়।” “মুক্তিযুদ্ধ চলার সময়ে সাঈদীর নাম ছিলো দেলাওয়ার হোসাইন শিকদার, ১৫/১৬ বছর হয়েছে তিনি সাঈদী হয়েছেন।” ‘এক নম্বরে ছিলো সাঈদী’ জবানবন্দি শেষে ২টা ৪০ মি মোস্তফাকে জেরা শুরু করেন সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম। জেরায় মোস্তফা বলেন, “আব্দুল রশিদ বয়াতীর করা একটি চুরির মিথ্যা মামলায় আমার ১ মাসের সাজা হয়েছিলো। তবে পরবর্তীতে জেলা জজ কোর্টে আপিল মীমাংসার মাধ্যমে মামলাটি বাতিল করা হয়।” তিনি যে সব রাজাকারের নাম আদালতে জবানবন্দিতে জানিয়েছেন তাদের সম্বন্ধে জিজ্ঞ্যেস করা হয়। মোস্তফা বলেন, “রাজাকার বাহিনী গঠনের পরে তারা হিন্দু ও আওয়ামী সমর্থকদের ওপর অত্যাচার শুরু করে। এর অংশ হিসেবে রাজাকাররা তাদের বাড়ি লুটপাট এবং অগ্নি সংযোগ করতো। লুটপাটকারীদের মধ্যে এক নম্বরে ছিলো সাঈদী।” তিনি বলেন, “এদের ভয়ে এলাকার বেশিরভাগ হিন্দু ও আওয়ামী সমর্থক এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের নাম এ মুহূর্তে মনে নাই।” জেরার এক পর্যায়ে তিনি বলেন, ইব্রাহিম কুট্টিকে তিনি খুব কম চিনতেন। “তার লাশ পরে কী হয়েছিলো জানি না। তবে শুনেছি লাশ পাওয়া যায়নি।” এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে কবে জবানবন্দি দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে মোস্তফা বলেন, “১৮/০৮/২০১০ তারিখে”। গতকাল কতো তারিখ ছিলো জিজ্ঞেস করলে তিনি কোনো জবাব দিতে পারেননি। ‘সাঈদীই দেলু শিকদার’ এর আগে সকালে মামলার সপ্তম সাক্ষী মফিজ উদ্দিন পশারীকে জেরা করেন সাঈদীর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। দিনের শুরুতেই তাকে ইংরেজি মে মাসের আগের মাসের নাম জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, “জানি না।” পরে তাকে মে মাস কয় দিনের জিজ্ঞাসা করলে তিনি বলেন, “সম্ভবত ২৯ দিনের।” জেরার এক পর্যায়ে তিনি বলেন, “আমি এ মামলার সাক্ষী হওয়ার পর আমার মেয়ে চন্দ্রবান পাড়ের হাট বন্দরের আশ্রয় কেন্দ্রে একটি ঘর বরাদ্দ পেয়েছে। আমার মেয়ের জামাই খোঁজ করে এ বরাদ্দ নিয়েছে।” তিনি বলেন, “পাড়ের হাট থেকে পালিয়ে স্বাধীনতার আগ পর্যন্তসুন্দরবনে ছিলাম। সেখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মেজর জিয়া মিঞা ছিলেন। তার সঙ্গে আরো অনেক মুক্তিবাহিনী থাকতো। আমি তাদের ফাইফরমাশ খাটতাম।” এ সময় তাকে বলা হয় “আপনি যে দেলু শিকদারের নাম বলেছেন তার বাবার নাম রসুল শিকদার।” মফিজ বলেন, “এটি একটি ভুয়া কথা। দেলোয়ার হোসেন মল্লিক নামেও আমাদের এলাকায় কোনো রাজাকার ছিলো না। সাঈদীই ‘দেলু শিকদার’।” তিনি বলেন, “আমি কোনো ধরনের সুবিধা নিতে আদালতে মিথ্যা মামলা দিইনি। আমি যা বলেছি সত্য বলেছি।” এর পরই আগে পিরোজপুর জজ আদালতে দেওয়া মফিজের জবানবন্দির সঙ্গে এ মামলায় আদালতে দেওয়া জবানবন্দির মধ্যে অসামঞ্জস্য নিয়ে তাকে জেরা করতে আসেন সাঈদীর আরেক আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে। তাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনত। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নায়েবে আমীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২২৫৫ ঘ.