২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আন্তঃজেলা বাস ভাড়া এখনই বাড়ছে না

গেজেট না পৌঁছানোয় সোমবার থেকে চট্টগ্রামের অভ্যন্তরীণ ৪০টি রুটে সরকার নির্ধারিত বর্ধিত বাস ভাড়া নেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেজেট না পৌঁছানোয় সোমবার থেকে চট্টগ্রামের অভ্যন্তরীণ ৪০টি রুটে সরকার নির্ধারিত বর্ধিত বাস ভাড়া নেওয়া হবে না। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের সভাপতি কফিল উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি গেজেট হাতে পাওয়ার পর মঙ্গলবার মালিক সমিতির নেতাদের বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। সেদিনই গণপরিবহনে নতুন হারে ভাড়া বাড়ানো এবং তা কার্যকরের দিন ঠিক করা হবে।” গত ২৯ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর গত শনিবার পরিবহন মালিকদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের বৈঠকে দূরপাল্লা ও আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। সেদিন বিআরটিএ চেয়ারম্যান আইউব উর রহমান জানান, রোববার এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের মহাসচিব মঞ্জুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার নেতাদের বৈঠকের পর নতুন ভাড়া আদায়ের তালিকা তৈরি ও অন্যান্য প্রস্তুতির পর তা কার্যকর হবে।” “গেজেট ছাড়া ভাড়ার তালিকা তৈরি করা যাচ্ছে না,” যোগ করেন তিনি। চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার মোট ৪০টি রুটে আন্তঃজেলা গণপরিবহন চলাচল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/১৯৩১ ঘ.