কুমিল্লা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকার ছড়িয়ে ভোট পাওয়া যায় না বলে দাবি করেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন তা প্রমাণ করেছে।
রোববার কুমিল্লায় রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলা পরিষদে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় হয়।
সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে কোনো কর্মকর্তা গাফিলতি করলে তাৎক্ষণিকভাবে তাকে অপসারণ করা হবে।
তিনি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।
সাখাওয়াত জানান, নির্বাচনের দু’দিন আগে থেকে এলাকায় বহিরাগতরা থাকতে পারবে না। নিজ কেন্দ্রে ভোট দিয়ে সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্র ত্যাগ করতে হবে। অন্য কোনো কেন্দ্রে ঘোরাঘুরি করতে পারবে না।
তিনি জানান, ভোট শেষ হওয়ার পর কুমিল্লা টাউনহল ময়দান নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতেও কিছুক্ষণের জন্য চলাচল বন্ধ রাখা হবে।
তিনি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মোখলেছুর রহমান, বিজিবি অধিনায়ক লে. কর্নেল আখতারুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩২ ঘ.
bdnews24