২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলের ভুয়া প্রশ্ন, জাবি শিক্ষকসহ গ্রেপ্তার ২০

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চিকিৎসকসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চিকিৎসকসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সারাদেশে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হয়। এর আগের রাতে ভুয়া প্রশ্নপত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ কর্মকর্তা সাইফুল করিম সাইফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার ২০ জনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক জন শিক্ষক, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের এক জন চিকিৎসক এবং দুই জন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। ২০ জনের কাছ থেকে আট লাখ টাকাও উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন। তাদের কাছে যে প্রশ্নপত্র পাওয়া গেছে, তার সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল নেই বলে র‌্যাব কর্মকর্তা সাইফ জানান। তিনি বলেন, "এই প্রতারক চক্র ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলো।" গ্রেপ্তারকৃতরা হলেন, তারিকুল ইসলাম (ব্যবসায়ী), ফিরোজুল হাসান (জাবি শিক্ষক), জসিম উদ্দীন (ব্যবসায়ী) আনিছুল ইসলাম (কলেজ শিক্ষক), তৌহিদুল ইসলাম (কলেজ ছাত্র), মানষ দেব (হাসপাতাল ম্যানেজার), মঞ্জুর আলম (ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসক), জুয়েল আহমেদ (ব্যাংকার), আশরাফুল আলম (ব্যাংকার), এমিল (ঢাবি ছাত্র), নুরুন্নবী তেজ (ব্যবসায়ী), আমিনুল ইসলাম (প্রভাষক), শহিদুজ্জামান শাহেদ (মেডিকেল ছাত্র), তানিভীর আহম্মেদ সিদ্দিক (ব্যবসায়ী), শহীদুল ইসলাম সূজন (ব্যবসায়ী), তাজমুল পারভেজ (ছাত্র), মোতাহার হোসেন (ব্যবসায়ী), হাবিবুর রহমান (ব্যবসায়ী), লিয়ন (ছাত্র), তৌহিদুল ইসলাম রাজু (চাকরিজীবী)। পরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল র‌্যাব-২ এর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই এমবিবিএস পরীক্ষার প্রশ্নপত্র কেনাবেচার জন্য কয়েকটি কোচিং সেন্টারে অবস্থান করছিলো। তাদের কাছ থেকে ২৯টি মোবাইল ফোনসেট, ৩টি মটরসাইকেল ও প্রশ্নপত্র বিক্রির জন্য অগ্রীম হিসাবে নেওয়া ৮ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন ভুয়া প্রশ্ন পত্র সংগ্রহ করেছেন। বাকির প্রশ্নপত্র বিক্রির জন্য পরীক্ষার্থী সংগ্রহের কাজে জড়িত।" তবে গ্রেপ্তার হওয়া কয়েকজন নিজেদের নিদোর্ষ দাবি করছেন। এ প্রসঙ্গে সোহায়েল বলেন, "কেউ নির্দোষ হলে অবশ্যই তাদের ছেড়ে দেয়া হবে।" শুক্রবার সকালে সারাদেশের ১৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা ঠিকভাবে হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ। প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেপ্তার এবং বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের পর এ পরীক্ষা নির্বিঘেœ শেষ করার ওপর গুরুত্ব দেয় কর্তৃপক্ষ। ১০১ সদস্যের কমিটি ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। এতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও সম্পৃক্ত হন। এ পরীক্ষা হওয়ার কথা ছিলো গত ২৩ সেপ্টেম্বর। সরকারি একটি ছাপাখানা থেকে গত ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়লে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/এএল/২০০৮ ঘ.