নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচন সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে ৯ ভাগে ভাগ করে জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন। একজন ম্যাজিস্ট্রেটের ওপর তিনটি ওয়ার্ডের দায়িত্ব পড়েছে।
ফরহাদ হোসেন জানান, শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন- এমন অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, এ নির্বাচনে অনিয়ম ও সহিংসতা রোধে ৯ জন বিচারবিভাগীয় এবং ২৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। নিরপেক্ষতা রক্ষায় নারায়ণগঞ্জের বাইরে থেকে এসব ম্যাজিস্ট্রেট নিয়োগের সুপারিশ করেছে কমিশন।
"ওই নিয়োগের আগে আপাতত জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়েই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে", বলেন ফরহাদ।
আগামী রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও এ পর্যন্ত মাত্র আটজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৩২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৬২ জন মনোনয়নপত্র কিনেছেন।
২২ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর এ নির্বাচন হওয়ার কথা।
এনসিসি নির্বাচনে মেয়র পদের আলোচিত সম্ভাব্য তিন প্রার্থী হলেন শামীম ওসমান, ডা. সেলিনা হায়াত আইভী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এছাড়া জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এস এম আকরামও মনোনয়নপত্র কিনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০১২৫ ঘ.
bdnews24