ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'যথাযথ কর্তৃপক্ষের' অনুমতি না নেওয়ার কারণেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে সিলেট কারাগার পরিদর্শন করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খান।
বৃহস্পতিবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিজানুর রহমান সিলেট কারাগার পরিদর্শনের জন্য কোনো আবেদন করেননি। তাকে বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে। তিনি তাও নেননি।"
"কারাগার একটি সংবেদনশীন প্রতিষ্ঠান। নিয়ম বহির্ভূূতভাবে যখন তখন সেখানে প্রবেশে কারো কোনো সুযোগ নেই," যোগ করেন মহা পরিদর্শক।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকে অপেক্ষা করেন। তারপরও তাকে ঢুকতে না দেওয়ায় কারা মহাপরিদর্শকের অপসারণ দাবি করেন তিনি।
মিজানুর পরে সাংবাদিকদের বলেন, "আইজি প্রিজন্স জাতীয় সংসদ প্রণীত আইনকে বৃদ্দাঙ্গুলি দেখিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে কারাগার পরিদর্শন করতে দেননি।"
এ ব্যাপারে আশরাফুল ইসলামের যুক্তি, "কারাগারে যারা থাকে তারা সন্ত্রাসী, অপরাধী। এ রকম ঝুঁকিপূর্ণ একটি প্রতিষ্ঠানে যথাযথ নিরাপত্তা ছাড়া কেউ ঢুকলে অপরাধীদের হাতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মতো একজন ভিআইপিকে ঢুকতে দেওয়ার পর দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব আমাদেরই নিতে হবে।"
অপসারণের দাবির বিষয়ে কারা মহাপরিদর্শক বলেন, "এটা তার (মিজানুর) ব্যক্তিগত মতামত। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।"
এক প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম জানান, মিজানুর রহমানের সঙ্গে তার কথা হয়নি। সব কথা হয়েছে জেলারের মাধ্যমে।
"তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মন্ত্রী বলেছেন, তিনি (মিজানুর রহমান) যেনো মন্ত্রীকেই ফোন করেন।"
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারাবিধির ৩৪৮ ধারা অনুযায়ী, দেশের প্রতিটি কারাগারে রিজার্ভ গার্ড থাকে। জেলা কারাগারগুলোতে একজন প্রধান কারারক্ষকের সঙ্গে ৫ জন কারারক্ষী এবং কেন্দ্রীয় কারাগারে ২ জন প্রধান কারারক্ষকের সঙ্গে ১৫ জন কারারক্ষী থাকে।
প্রতিদিনের দায়িত্বের পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কারাগার পরিদর্শনে এলে তাদেরও নিরাপত্তার দায়িত্বে থাকে এই এই রিজার্ভ গার্ডের সদস্যরা।
এই আইনের কথা জানা আছে উল্লেখ করে আশরাফুল ইসলাম বলেন, "আগে জানিয়ে আসলে দুর্ধর্ষ বন্দিদের ক্লোজড করে রাখা যায়। তা না হলে তারা দুর্ঘটনা ঘটাতে পারে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে নিজে কথা বলেননি কেন জানতে চাইলে মহা পরিদর্শক বলেন, "আমি তো জেলারের সঙ্গে কথা বলেছি। চেয়ারম্যান কথা বলতে চাইলে আমার কোনো আপত্তি ছিল না।"
"মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এর আগে সিরাজগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন। সেখানে তিনি আগেই অনুমতি নিয়েছিলেন। কোনো অসুবিধা হয়নি", যোগ করেন আশরাফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২৫৬ ঘ.
bdnews24