২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর যুবলীগের হামলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, কলেজ শিক্ষক সামিউল মনিরের ওপর সরকার সমর্থক যুবলীগের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, কলেজ শিক্ষক সামিউল মনিরের ওপর সরকার সমর্থক যুবলীগের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হন মনির। তিনি মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক এবং দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি। মনির বলেন, সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে মটর সাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। এসময় পথে যুবলীগ নেতা ফিরোজ হোসেনের নেতৃত্বে ১০/১২ জন তাকে আটকে বেদম মারপিট করে। মনির উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শ্যামনগর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, সাংবাদিক মনিরের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা ফিরোজের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে উপজেলা যুবলীগ নেতাদের সঙ্গে কথা বলতে চাইলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি অনাকাক্সিক্ষত। এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও সাতক্ষীরা কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি পবিত্র মোহন দাস ও সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতিসহ শিক্ষক নেতারা তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা পুলিশ সুপার হাবিবুর রহমান খানের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। এদিকে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চলাকালে মনিরের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান উপজেলা চেয়ারম্যানসহ ১২ ইউপি চেয়ারম্যান। স্থানীয় সাংবাদিকরা জানান, গত মাসে উপজেলার ভেটখালী বাজারের পোস্ট অফিসের জায়গা দখল করে আওয়ামী লীগ কার্যালয়ের সাইন বোর্ড টানিয়ে দেওয়া হয়। ঘটনাটি আমার দেশসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হলে জেলা প্রশাসনের হস্তক্ষেপে জায়গাটি দখল মুক্ত হয়। পরে আওয়ামী লীগ ও যুবলীগের এক দল শ্যামনগর প্রেসক্লাব দখল করে নেয় বলে সাংবাদিকদের অভিযোগ। ওই ঘটনার জের ধরে মনিরের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলাও হয়। এর ধারাবাহিকতায় এই হামলা হতে পারে বলে উপজেলা প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭০৪ ঘ.