২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার পরিদর্শনে বাধা পেলেন মিজানুর

সিলেটে কারাগার পরিদর্শন করতে না পেরে কারা মহাপরিদর্শকের অপসারণ দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

সিলেট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে কারাগার পরিদর্শন করতে না পেরে কারা মহাপরিদর্শকের অপসারণ দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করতে যান তিনি। সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত কারাফটকে অবস্থান করলেও কারা কর্তৃপক্ষ তাকে ঢুকতে দেয়নি। এ ক্ষেত্রে কারামহাপরিদর্শকের অনুমতি না থাকার কথা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়। মিজানুর পরে সাংবাদিকদের বলেন, "আইজি প্রিজন্স জাতীয় সংসদ প্রণীত আইনকে বৃদ্দাঙ্গুলি দেখিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে কারাগার পরিদর্শন করতে দেননি।" সাংবিধানিক আইন 'অমান্য' করার কারণে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য চাওয়া হলে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। কারাগার পরিদর্শনের কারণ ব্যাখ্যা করে মিজানুর বলেন, "রাষ্ট্রীয় যে সব প্রতিষ্ঠানে নাগরিক আটক আছে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি-না বা তাদের অবস্থার উন্নতিকল্পে রাষ্ট্রের আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সে সম্পর্কে কমিশন সরকারকে সুপরিশ করবে। সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবেন। এ উদ্দেশ্যই সিলেট কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলাম।" তিনি অভিযোগ করেন, কারামহাপরিদর্শক ঢুকতে বাধা দিয়ে আইন লঙ্ঘন করেছেন। "আইজি প্রিজন্স নিজেকে কি এতই ক্ষমতাবান মনে করেন," প্রশ্ন রাখেন মিজানুর। কারামহাপরিদর্শকের অপসারণ চেয়ে তিনি বলেন, এ পদে তাকেই নিয়োগ দেয়া উচিত যিনি আইনের মর্মার্থ বুঝবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৪ ঘ.