২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরক্ষিত আদালতপাড়া-১ ঘটছে একের পর এক ঘটনা

ছয় বছর আগে সারাদেশে জেএমবির বোমাহামলার পর পুরান ঢাকার আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার হলেও এখন তাতে ঢিলেঢালাভাব। তবে নিরাপত্তার হুমকি এখনো যে কমেনি, তার নজির বেশ কয়েকটি ঘটনা। আদালতপাড়ার অনিরাপদ পরিবেশ নিয়ে প্রকাশ বিশ্বাস- এর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 05:18 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ছয় বছর আগে সারাদেশে জেএমবির বোমাহামলার পর পুরান ঢাকার আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার হলেও এখন তাতে ঢিলেঢালাভাব। তবে নিরাপত্তার হুমকি এখনো যে কমেনি, তার নজির বেশ কয়েকটি ঘটনা। আদালতপাড়ার অনিরাপদ পরিবেশ নিয়ে প্রকাশ বিশ্বাস- এর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২১ সেপ্টেম্বরের ঘটনা। ২১ অগাস্ট গ্রেনেড মামলার আসামি জামায়াতুল মুজাহিদিন সদস্য মোহাম্মদ হোসাইন ও আব্দুল মালেককে জুতার বাক্সের মধ্যে মোবাইল ফোন দেওয়ার সময় ধরা পড়েন দুজন। এ ঘটনা নিষিদ্ধ এ সংগঠনের সক্রিয়তার বিষয়টি তুলে ধরার পাশাপাশি আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে বলে আইনজীবীসহ আদালত সংশ্লিষ্টরা বলছেন। গত ২৮ জুন হুজি নেতা মুফতি হান্নানের একটি মামলার শুনানি দায়রা জজ আদালতে চলার সময় বারান্দায় দাঁড়িয়ে হাফেজ আব্দুল গফুর নামে এক জন বলতে থাকেন- 'সব মিথ্যা-সব মিথ্যা, সত্যের জয় হবেই হবে'। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের সেপ্টেম্বরে হুজি নেতা মুফতি হান্নান রাষ্ট্রপক্ষের এক কৌসুঁলিকে কাঠগড়ায় দাঁড়িয়েই হুমকি দেন। এভাবে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রায়ই বিচারকদের বিভিন্ন রকমের উপদেশ, হুমকি-ধমকি দিয়ে আসছেন জঙ্গি নেতারা। গত বছরের ৬ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে আইন মন্ত্রণালয়ে ই-মেইলে হুমকি আসে। গত বছরের ২১ এপ্রিল সাংবাদিক গৌতম হত্যামামলার আসামি আসিফ ইমরান ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের কাঠগড়া থেকে পালিয়ে যায়। এতসব ঘটনা ঘটলেও ঢাকার আদালতপাড়া নিরাপত্তাহীনতা দূরে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তারা বলেন, ১৭ অগাস্ট বোমা হামলার পর ঢাকার আদালতের বিভিন্ন প্রবেশ পথে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। তখন আদালতে ঢোকার পথে তল্লাশি চালানো হতো। এখন আর তা হয় না। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অরক্ষিত আদালতপাড়ায় বিচারকসহ আমরা সবাই নিরাপত্তাহীন। বিশেষ করে কথিত আল্লাহর আইন প্রতিষ্ঠার গোপন জঙ্গি সংগঠনগুলোর হামলার ভয়ে থাকতে হয়। অথচ প্রশাসন এ বিষয়ে নির্বিকার।" ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মো. রফিকুল ইসলাম বলেন, "এজলাসে এ সব আসামি বিভিন্ন সময়ে বিভিন্ন অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি করলেও পুলিশ ডেকে পাওয়া যায় না।" শুধু জঙ্গি সংগঠনই নয়, সন্ত্রাসীদের নিয়েও আতঙ্কে থাকতে হয় আইনজীবীদেরও। আর আদালতপাড়ার আশপাশে বিভিন্ন আইনজীবীর চেম্বারে হামলার ঘটনাও ঘটেছে অনেক। চিহ্নিত সন্ত্রাসী 'ডাকাত শহীদের' অনুসারীরা ২০০৯ সালের ৩ অগাস্ট কৌঁসুলি জাকির হোসেনের কৈলাশ ঘোষ লেনের কার্যালয়ে ঢুকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে যায়। এতে গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান ওই আইনজীবী। কলতা বাজার, কারকুন বাড়ি লেন, নাসির উদ্দিন সরদার লেন, রাজার দেউরির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, এলাকার সন্ত্রাসীদের চাঁদা দিয়ে তাদের চলতে হয়। না দিলে হেনস্তা হতে হয়। ঢাকার আদালতের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব ঘটনার শিকার অনেক আইনজীবী ভয়ে মুখ খোলে না।" সন্ত্রাসীদের বিরুদ্ধে এক আইনজীবী মামলা করলে অন্য আইনজীবী আবার জামিনেও ছাড়িয়ে আনার নজিরও রয়েছে। নিজ চেম্বারে গুলিবিদ্ধ আইনজীবী জাকির বলেন, "ঢাকা আইনজীবী সমিতি আমার ওপর হামলাকারীদের হয়ে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু পরে কয়েকজন আইনজীবী ঠিকই মামলা লড়ে তিন আসামিকে জামিন করান।" পুরান ঢাকার আদালতপাড়ায় গত ১০ বছরে কয়েকটি খুনের ঘটনাও ঘটেছে। আইনজীবীপুত্র মোহাম্মদপুর বাঁশবাড়িয়ার মোরশেদ, হাজিরা দিতে আসা যুবলীগ নেতা মুরগি মিলন, মামলার সাক্ষী মিরপুরের যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ার হেসেন আনু, নজরুল ইসলামসহ আট জন এ সময়ে আদালত প্রাঙ্গণেই খুন হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১০০ ঘ.