সাভার, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব পাওনা বুঝে পাওয়ায় সাভারের একটি তৈরি পোশাক কারখানায় ৬৪ শ্রমিক ছাঁটাই হয়েও খুশি মনে বাড়ি ফিরে গেছে।
অসন্তোষ সৃষ্টির অভিযোগে মঙ্গলবার ও বুধবার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ইপিক গ্রুপের 'পার্ল গার্মেন্টস লিমিটেড'র ৬৪ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ।
তবে সবাই নিজ নিজ পাওনা বুঝে পাওয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা অসন্তোষ প্রকাশ করেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পার্ল গার্মেন্টস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কারখানায় ১৩শ' শ্রমিক কাজ করে। বিভিন্ন সময় কিছু শ্রমিক কারখানার ভিতরে অন্য শ্রমিকদের নানা কারণে উস্কে দিয়ে অসন্তোষ সৃষ্টি চেষ্টা করে আসছিল।
সে কারণে কর্তৃপক্ষের নির্দেশে ৬৪ জন শ্রমিকের একটি তালিকা করে পর্যায়ক্রমে ছাঁটাই করা হয়। এরমধ্যে ২০ জনকে মঙ্গলবার এবং ৪৪ জনকে বুধবার ছাঁটাই করা হয়েছে।
এদের সবাইকে সব পাওনা পরিশোধ করায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা অসন্তোষ প্রকাশ না করে খুশি মনে বাড়ি ফিরে গেছে।
কারখানাটির সুইং সুপারভাইজার আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যারা কারখানার ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টির পাঁয়তারা করতো কর্তৃপক্ষ শুধু তাদেরই ছাঁটাই করেছে।
ছাঁটাই হওয়া শ্রমিকরা সকল পাওনা একসঙ্গে পাওয়ায় খুশি মনে চলে গেছে।
এ ব্যাপারে শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের সিনিয়র সহকারী পরিচালক এমদাদুল হক বলেন, শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে কারখানার ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার আশঙ্কায় শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশও মোতায়েন ছিল।
কিন্তু শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24