মিঠুন চৌধুরী ও মো. মহিউদ্দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিভিন্ন সড়কে ১৩৫৫টি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে ৮৪৫টিই অনুমোদনহীন। এর অধিকাংশই জনবসতির আশেপাশে হওয়ায় ঝুঁকির মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে বলে মনে করছেন রেল কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
বুধবার চট্টগ্রামের বাড়বকুণ্ডে রাষ্ট্রায়ত্ত্ব গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার সামনে লেভেল ক্রসিংয়ে একটি জিপের সঙ্গে ট্রেনের সংঘর্ষে
পাঁচজনের মৃত্যু হয়।
অবশ্য ওই লেভেল ক্রসিংটি অনুমোদিত বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক বলেন, একটি ত্র"টিমুক্ত লেভেল ক্রসিং বানাতে অনেক টাকা লাগে। এ কারণে যেনতেনভাবে এসব নির্মাণ করা হয়। অনেক ক্ষেত্রেই রেল কর্তৃপক্ষ এসব ক্রসিংয়ের অনুমোদন দেয় না।
লেভেল ক্রসিংয়ের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আলাদা বরাদ্দ থাকা উচিৎ বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্বাঞ্চলে বৈধ লেভেল ক্রসিং আছে ৫১০টি। আর সর্বশেষ জরিপ অনুযায়ী অননুমোদিত ক্রসিং এর সংখ্যা ৮৪৫টি। এর মধ্যে চট্টগ্রামে ৩৭৩টি এবং ঢাকায় ৪৭২টি।
পূর্বাঞ্চল রেলের প্রধান প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, চট্টগ্রাম বিভাগের অনুমোদিত ১৬৩টি এবং ঢাকা বিভাগের অনুমোদিত ৩৪৭টি লেভেল ক্রসিংয়ে রেল কর্তৃপক্ষের নিয়োগ করা গেটম্যান আছে।
প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, "অননুমোদিত লেভেল ক্রসিংয়ে রেলওয়ের কোনো গেটম্যান থাকে না। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও এলজিইডি নিজস্ব উদ্যোগে অনুমতি না নিয়েই এসব ক্রসিং বানায়। বিভিন্ন সময়ে তাদের নোটিশ দিয়েও কোনো কাজ হয়নি।"
১৮৮৫ সালের রেল আইন অনুযায়ী অননুমোদিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে তা হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে উল্লেখ করে নূর মোহাম্মদ বলেন, "এসব ক্ষেত্রে যারা ক্রসিং নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার বিধান রয়েছে।"
ঘনবসতিপূর্ণ এ দেশে অবৈধ লেভেল ক্রসিং খুবই 'ঝঁকিপূর্ণ' উল্লেখ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক বলেন, "এ খাতে যে দৈন্যদশা চলছে- তা থেকে পরিত্রাণ পেতে সরকারকে চাপে রাখার পাশাপাশি ব্যাপক জনসচেতা তৈরি করতে হবে।"
লেভেল ক্রসিং নির্মাণের ক্ষেত্রে রেলপথ ও সড়কের উচ্চতার পার্থক্য (গ্রেড সেপারেশন) বজায় রাখলে ঝুঁকি অনেকটা কমিয়ে আনা যায়।
বিদ্যমান অননুমোদিত লেবেল ক্রসিংগুলোর ত্র"টি ঠিক করে সেগুলোকে অনুমোদন দেওয়ারও আহ্বান জানান এ বিশেষজ্ঞ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/২২২১ ঘ.
bdnews24