২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সেনা কর্মকর্তার বাসায় ডাকাতি

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর এক কর্মকর্তার বাসায় ডাকাতিতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর এক কর্মকর্তার বাসায় ডাকাতিতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেনাবাহিনীর মেজর মো. নুরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সন্ধ্যায় তার ১৯/১২ বাবর রোডের দোতলা বাসায় ডাকাতি হয়। এ সময় ডাকাতরা সবার হাত-পা, চোখ ও মুখ বেঁধে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে।" মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতদের ধরতে ঘটনার পরপরই পুলিশ-র‌্যাব মাঠে নেমেছে। এখনো কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। মেজর নুরুল জানান, সন্ধ্যার পর তারা স্বামী-স্ত্রী শোবার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। তখন বড় ছেলে বাইরে এবং ছোট ছেলে নিজ কক্ষে কম্পিউটারে কাজ করছিলেন। সোয়া ৭টার দিকে কলিং বেলের শব্দ শুনে গৃহকর্মী রুবেল (১০) দরজা খুলে দিলে ছয় থেকে সাতজন যুবক বাসার মধ্যে ঢুকে পড়ে। তিনজন চাপাতি হাতে তাদের কক্ষে ঢুকে আংকেল বলে সম্মেধন করে বলে, পুলিশ তাদের ধাওয়া করায় তারা এখানে এসে আশ্রয় নিয়েছে। এক পর্যায়ে তারা বাসার সবার হাত-পা এবং মুখ বেঁধে তার স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি নিয়ে নগদ এক লাখ ২০ হাজার টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, ক্যামেরা ও মূল্যবান কাপড়সহ প্রায় সাড়ে ১৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। মেজর নুরুল বলেন, এ সময় ডাকাতরা নিজেদের 'পিচ্চি মিজানের' লোক বলে পরিচয় দেয়। "একজনের সঙ্গে তর্ক বাধলে সে বলে, 'জাহাঙ্গিরকে ভয় দেখাস'। তবে বাসায় লাইসেন্স করা অস্ত্র থাকলেও তারা তা নেয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/পিডি/২১২৩ ঘ.