২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জিপ চালকের অসতর্কতায় সীতাকুণ্ডে দুর্ঘটনা'

জিপ চালকের অসতর্কতার কারণেই চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে বলে প্রাথমিকভাবে মনে করছেন রেলওয়ের তদন্ত কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপ চালকের অসতর্কতার কারণেই চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে বলে প্রাথমিকভাবে মনে করছেন রেলওয়ের তদন্ত কর্মকর্তারা। বুধবার সকাল ১১টার দিকে বাড়বকুণ্ডে রাষ্ট্রায়ত্ত্ব গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার সামনের লেভেল ক্রসিংয়ে ওই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। আহত হয় দুইজন। হতাহতরা সকলেই প্রগতির কর্মী। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল কর্তৃপক্ষের গঠিত পাঁচ সদস্যের বিভাগীয় তদন্ত কমিটির প্রধান বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ডিটিও) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার জন্য প্রগতির জিপ চালকের অসর্তকতাই দায়ী। যিনি জিপটি চালাচ্ছিলেন তিনি প্রগতিতে চালক হিসেবে নিয়োগপ্রাপ্ত নন। মেকানিকেল বিভাগের কর্মচারী।" ট্রেনের সঙ্গে সংঘর্ষে জিপের চালক মোর্শেদও ঘটনাস্থলেই নিহত হন। নিহত অন্য চারজন হলেন প্রগতির হিসাব রক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারি বিপণন কর্মকর্তা সালেহ আহমেদ, টেকনিশিয়ান বাদল বড়–য়া এবং পিয়ন আহসান উল্লাহ। প্রত্যক্ষদর্শীরা তদন্ত কমিটিকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় ক্রসিংয়ের পূর্ব পাশে প্রগতি কারখানাসংলগ্ন রেলগেট খোলা ছিল। আর চাঁদপুরগামী কর্ণফুলী এক্সপ্রেস যাচ্ছিল ঢাকা-চট্টগ্রাম ডবল লাইন ট্র্যাকের পশ্চিম পাশের লাইন ধরে। খেলা গেট দিয়ে রেল লাইনের ওপরে উঠার পর জিপ চালক ব্যাক গিয়ারে পেছানোর চেষ্টা করলেও তা কাজ করেনি। ডিটিও জাকির হোসেন বলেন, কোনো লেভেল ক্রসিং পার হওয়ার আগে সড়কে গাড়ি দাঁড় করিয়ে রেল লাইনের দুপাশে ভাল ভাবে দেখে নিতে হয়। কিন্তু তদন্তে জানা গেছে, গাড়ি চালক দ্রুত গতিতে জিপটি চালিয়ে রেল লাইনে উঠে পড়ে। এ বিষয়ে প্রগতি ইণ্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (জিএম, উৎপাদন) আব্দুল খায়ের সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোর্শেদ চালক হিসেবে নিয়োগপ্রাপ্ত নয়। সে কারখানার মেকানিকেল বিভাগের কর্মচারী। তবে তার ড্রাইভিং লাইসেন্স আছে। এ কারণে প্রায়ই সে গাড়ি চালাতো।" একদিকের রেলগেট খোলা ছিল তদন্ত কমিটির সদস্যরা জানান, দুর্ঘটনার সময় প্রগতির কারখানা সংলগ্ন রেলগেটের পূর্ব পাশের ফটকটি খোলা ছিল বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছেন তারা। ডিটিও জাকির হোসেন বলেন, দুই ট্র্যাকের রেল লাইনের পশ্চিম পাশের ট্র্যাক ধরে কর্ণফুলী এক্সপ্রেস আসছিল। এ কারণে লেভেল ক্রসিংয়ের গেটম্যান আগে পশ্চিম পাশের ফটক বন্ধ করেন। এরপর তিনি পূর্ব পাশের গেট ফেলতে যাচ্ছিলেন। তিনি লাল পতাকা দেখিয়ে সংকেতও দিয়েছিলেন। কিন্তু জিপের চালক তা দেখেননি। প্রগতির জিএম আবুল খায়ের সরদার জানান, কারখানার মূল ফটক থেকে লেভেল ক্রসিংয়ের দূরত্ব প্রায় ২০ গজ। পূর্ব পাশের ক্রসিংয়ে গেটম্যান ছিল না; গেটও উঠানো ছিল। তিনি জানান, দিনে-রাতে তিন জন গেটম্যান ওই ক্রসিংয়ে দায়িত্ব পালন করেন। এদের একজনের বেতন প্রগতি থেকে দেয়া হয়। অবশ্য রেল কর্মকর্তা জাকির হোসেন বলছেন, কারখানার ফটক থেকে ক্রসিং প্রায় ৫০ গজ দূরে। জিপের চালক অত্যন্ত দ্রুতগতিতে রেল লাইনে উঠে পড়ায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের পর ট্রেন জিপটিকে কয়েকশ গজ টেনে নিয়ে যায়। তিন তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে মোট তিনটি তদন্ত কমিটি করা হয়েছে। এর মধ্যে ডিটিও জাকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের, চিফ অপারেটিং সুপারিন্ডেন্ট (সিওপিএস) বেলাল উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এবং অতিরিক্ত সিওপিএস সৈয়দ জহুরুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। প্রথম দুটি কমিটিকে তিনদিনের মধ্যে এবং শেষ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুর্ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদ, অতিরিক্ত প্রকৌশলী (পথ) সুকুমার ভৌমিক, ডিটিও জাকির হোসেনসহ ১২ জন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুঘটনায় আহত প্রগতির দুই নিরাপত্তা রক্ষী আব্দুল বারেক (৪৫) ও খায়ের হোসেনকে (৫৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের সহকারি নিবন্ধক ডা. মাজেদ সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খায়ের মেরুদণ্ডে এবং বারেক মাথায় আঘাত পেয়েছেন। সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে মন্তব্য করা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/জেকে/১৯১৩ ঘ.