২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শিক্ষার্থীকে মারধর, শিক্ষকের শাস্তি দাবি

দশম শ্রেণীর এক ছাত্রকে মারধর করায় নওগাঁ সদর উপজেলায় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

নওগাঁ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশম শ্রেণীর এক ছাত্রকে মারধর করায় নওগাঁ সদর উপজেলায় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলে বিক্ষোভ করে ওই শিক্ষকের শাস্তি দাবি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটি ওই শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে। উপজেলার কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক বেলাল হোসেন মঙ্গলবার শ্রেণীকক্ষে দশম শ্রেণীর ছাত্র পলাশ হোসেনকে মারধর করেন। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, মঙ্গলবার জীববিজ্ঞান ক্লাশে একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় ওই শিক্ষক পলাশকে চর থাপ্পর ও বেত দিয়ে মারেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালাগালও দেন। এসময় অন্য শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যায়। এরপরই স্কুলের শিক্ষকরা পলাশকে নিয়ে একটি বৈঠকে বসেন। বৈঠকে প্রধানশিক্ষক আব্দুস সামাদ সরদারের অনুরোধে বেলাল হোসেন শিক্ষার্থী পলাশের কাছে ক্ষমা চান। পরে পলাশকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পলাশ উপজেলার কোচগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনাটি শোনার পর অন্য অভিভাবকরা এক হয়ে ওই শিক্ষকের শাস্তি দাবি করে প্রধানশিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। এদিকে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করে। স্কুলের সহকারী শিক্ষিকা ইয়াসমিনসহ কয়েকজন শিক্ষক বলেন, বুধবার কোনো শিক্ষার্থী ক্লাশে আসেনি। ৮ম শ্রেণীর ক্লাস টেষ্ট পরীক্ষায়ও কেউ অংশগ্রহণ করেনি। প্রধানশিক্ষক আব্দুস সামাদ জানান, এ ঘটনায় বুধবার সকালে স্কুলে পরিচালনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপাতত ওই শিক্ষককে পাঠদানে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে সভায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন সদস্য আকরাম হোসেন ও হামিদুর রহমান, প্রধানশিক্ষক আব্দুস সামাদ সরদার, কীর্তিপরি ইউপি চেয়ারম্যান আলমগীর কবির বিদ্যুৎ, নির্যাতনের শিকার পলাশ ও অভিযুক্ত শিক্ষক। অভিযুক্ত শিক্ষক বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্র-ছাত্রীদের আমি সন্তানতুল্য ভেবে সবসময় পাঠদান করে আসছি। আমার কোনো ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিয়ে সবাইকে স্কুলে আসার অনুরোধ করছি।" এছাড়া একটি মহল তাকে বিদ্যালয় থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ ঘ.