২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইআইইউসি উপ-উপাচার্য রিমান্ডে

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) উপ-উপাচার্যসহ জামায়াত ও শিবিররের চার নেতাকর্মীকে এক দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) উপ-উপাচার্যসহ জামায়াত ও শিবিররের চার নেতাকর্মীকে এক দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমেদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিনের হেফাজত মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানিয়েছিলো। তবে বিচারক শুনানি শেষে এক দিনের অনুমতি দেন। এর আগে মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ থানা পুলিশ আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) উপ-উপাচার্য অধ্যাপক আবু বকর রফিকসহ চার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ডে পাঠানো অপর তিন জন হলেন- নগরীর গোসাইলডেঙ্গা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ইকবাল শরিফ (৩৮), লোহাগড়া উপজেলা জামায়াতের নেতা ও বার আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষক জমির উদ্দিন (২৮) ও শিবিরকর্মী ওসমান গণি (২৮)। গত ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুর এলাকায় পুলিশের ওপর জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে হামলায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ, মদদ দেওয়া এবং অর্থ সহায়তা করার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯০৯ ঘ.