সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে সাত শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১৫ যাত্রী।
বুধবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ।
এ ঘটনায় মৃত শিশুরা হলো- জামালগঞ্জ উপজেলার বিমখালী ইউনিয়নের শ্রীপুর গ্রামের আজাদ মিয়া ছেলে মোশাহিদ (১); জামালগঞ্জ সদর ইউনিয়নের উত্তর কমলাবাগ গ্রামের বাবুল মিয়ার দুই মেয়ে জেসমিন (৫) ও জান্নাত (৩); তাহেরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের শংকর দত্তের মেয়ে পূজা দত্ত (৩); একই উপজেলার ঝাঞ্জাইল গ্রামের সত্যরঞ্জন দত্তের মেয়ে ঋতু দত্ত (৭); সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী গ্রামের মহাদেব পালের মেয়ে নিয়তি পাল (১২) এবং একই গ্রামের অক্ষয় পালের মেয়ে রিয়া দাশ (২)।
তবে উদ্ধার হওয়া লাশের মধ্যে এক নারীর পরিচয় মেলেনি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
উপজেলা চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমভি হারুন নামের ট্রলারটি যাত্রী নিয়ে সুনামগঞ্জ জেলা সদর থেকে সাচনা যাচ্ছিলো। পথে দুর্লভপুর বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে ঘাটে পৌঁছার পর অপেক্ষমান যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রলারে উঠে পড়ে। এতে ট্রলারটি ঘাট থেকে দূরে সরে যায় এবং এক পর্যায়ে ডুবে যায়।
"ট্রলারটি এমনিতেই আলুর বস্তায় বোঝাই ছিলো। লোকও ছিলো বেশি। এ কারণেই ট্রলারটি ডুবে যায় বলে আমাদের ধারণা।"
ইউসুফ আল আজাদ জানান, বুধবার দুর্লভপুর বাজারে একটি কুস্তি প্রতিযোগিতা ছিলো। কুস্তি দেখা শেষে যাত্রীরা ঘাটে ট্রলারের জন্য অপেক্ষা করছিলেন।
জামালগঞ্জ থানার ওসি জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টা পর্যন্ত সাত শিশুসহ আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"
তিনি জানান, এলাকাবাসীর সহায়তায় ফায়ার ব্রিগেড ও পুলিশ সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি অভিযান চালায়। এখনো পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে আবারো তল্লাশি চালানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০১৯ ঘ.
bdnews24