চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে জিপের সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে কমিটি তিনটি গঠন করা হয়।
বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ডিটিও) জাকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের, চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (সিওপিএস) বেলাল উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এবং অতিরিক্ত সিওপিএস সৈয়দ জহুরুল ইসলামকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের ডিটিও জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দুটি কমিটিকে তিন দিনের মধ্যে এবং শেষ কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে জাকির বলেন, তারা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।
বুধবার সকাল ১১টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে জিপের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়। নিহতরা সবাই রাষ্ট্রায়াত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৬৪৮ ঘ.
bdnews24