২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের সময়'র প্রকাশকের পদ হারিয়েছেন নাইমুল

প্রতারণার অভিযোগে মামলার পরদিন আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান পত্রিকাটির প্রকাশকের পদ হারিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমাদের সময় এর প্রকাশকের পদ থেকে বাদ পড়েছেন নাইমুল ইসলাম খান। বুধবার দুপুর ১২টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের সময় এর প্রকাশক পরিবর্তন বিষয়ে এক শুনানি শেষে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মাহাবুবুর রহমান এ আদেশ দেন। নাইমুলের অনুপস্থিতিতেই এ শুনানি হয়। জেলা প্রশাসক মুহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগেই ব্যবসায়ী নূর আলী পত্রিকাটির প্রকাশকের নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসনের ডিক্লারেশন বিভাগে আবেদন করেন। তিনি জানান, এখন থেকে আইন অনুযায়ী আমাদের সময় এর স্বত্বাধিকারী হিসেবে ব্যবসায়ী নূর আলী ও পত্রিকাটির প্রকাশক হিসেবে সৈয়দ মোহাইমেন বখশ কল্লোল দায়িত্ব পালন করবেন। শুনানিতে ব্যবসায়ী নূর আলী ও সৈয়দ মোহাইমেন বখশ কল্লোল উপস্থিত ছিলেন। প্রকাশকের পদ থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় নাইমুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুপ্রিম কোর্টের এক আদেশে গত ২২ সেপ্টেম্বর বলা হয়েছিলো, এক মাসের মধ্যে উভয় পক্ষকে যে যার অবস্থান উপস্থাপনের সুযোগ দিয়ে এক মাসের মধ্যে বিষয়টি সুরাহা করতে। "কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট আমার অনুরোধ সত্ত্বেও অজানা কারণে মাত্র ছয় দিনের মাথায় আজ সিদ্ধান্ত দিয়ে দিলো," বলেন তিনি। মঙ্গলবার নাইমুল ইসলামের বিরুদ্ধে ঢাকার এক আদালতে প্রতারণার মামলা করেন বিএনএস গ্র"পের চেয়ারম্যান এমএনএইচ বুলু। এ ব্যবসায়ীর অভিযোগ, পত্রিকার শেয়ার দেওয়ার কথা বলে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন নাইমুল। ওই মামলার পর নাইমুল বলেছিলেন, আমাদের সময় পত্রিকাটি তার হাত থেকে ডাকাতির ষড়যন্ত্র চলছে। আমাদের সময়'র আগে অন্তত তিনটি দৈনিক পত্রিকা নাইমুল ইসলাম খানের হাত ধরে প্রকাশ হয়। দুই দশক আগে আজকের কাগজ প্রকাশের মাধ্যমে পাঠকদের নতুন রুচির সঙ্গে পরিচয় করিয়ে দেন নাইমুল ইসলাম। সর্বশেষ আমাদের সময়ের ক্ষেত্রে নতুন একটি ধারার সূচনা করেন নাইমুল। মাত্র দুই টাকায় আট পৃষ্ঠার একটি দৈনিক প্রকাশ করে কিছু দিনের মধ্যেই বিক্রিতে বেশ সফলতা দেখান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/সিএস/আরএ/এমআই/১৫৩০ ঘ.