ময়মনসিংহ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যার পর মাথা নিয়ে গেছে ডাকাত দল।
বুধবার প্রথম প্রহরে নিগুয়ারি ইউনিয়নের বেলতা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার ও পুলিশ।
নিহত মেহেদি হাসান ইলিয়াস (৩২) ওই গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের নেতা ছিলেন।
ইলিয়াসের ছোট ভাই সাদ্দাম হোসেন সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে অর্ধশতাধিক ডাকাত তাদের বাড়ি ঘিরে ফেলে। তারা দরজা ঢেঁকি দিয়ে ভেঙে ঘরে ঢোকে।
ঘরে থাকা সাদ্দাম ও তার অন্য এক ভাই পালিয়ে যেতে পারলেও ইলিয়াস আটকা পড়েন।
সাদ্দাম বলেন, জীবন বাঁচাতে ইলিয়াস বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। বাথরুমের ভেতরেই ইলিয়াসকে জবাই করে হত্যা করে ডাকাতরা। পরে মাথা কেটে নিয়ে যায়।
ডাকাতরা যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে সাদ্দাম জানান। এতে আহত হন নাজিমউদ্দিন (২৮), আজিমউদ্দিন (৩৫) জয়নাল (৩৫), আহসান (২৫) ও আলী হোসেন নামে পাঁচ জন। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সাদ্দাম বলেন, "নিগুয়ারি ইউনিয়নে ডাকাতদের বেশ শক্তিশালী ঘাঁটি আছে। ইলিয়াস ডাকাতির বিরুদ্ধে এলাকার মানুষকে সংঘটিত করছিলো।"
এর আগেও একবার ডাকাতরা ইলিয়াসকে হত্যার জন্য বাড়িতে হানা দিয়েছিলো বলে তিনি জানান। তবে সেবার গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
গফরগাঁও থানার ওসি ওমর ফারুক সাংবাদিকদের জানান, ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযানে নামছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৪৪ ঘ.
bdnews24