২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল

২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 06:18 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। মঙ্গলবারও ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে আসামি পক্ষের আইনজীবী অভিযোগপত্রের সত্যায়িত কপি হাতে পাননি বলে সময় চান। বিচারক শাহেদ নূর উদ্দিন আগামি ২ অক্টোবর শুনানির জন্য আবারো দিন নির্ধারণ করেন। এ সময় কোনো স্বাক্ষর ছাড়াই এ মামলার অন্যতম আসামি মুফতি আবদুল হান্নানের পক্ষে ১৬৪ ধারায় তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়। আবেদনে হান্নানের কোনো স্বাক্ষর ছিল না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ মামলার সরকার পক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল। বিচারক ওই আবেদন নথিতে রেখে দেন। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়। গত ৭ এপ্রিল হান্নান হাকিমের কাছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজনকে গ্রেনেড হামলার সঙ্গে জড়িয়ে জবানবন্দি দেন। মঙ্গলবার শুনানির সময় কারাগারে থাকা ৩২ আসামিকে হাজির করা হয়। জামিনে থাকা কমিশনার আরিফুল ইসলাম আরিফ হাজিরা দেন। বাকি ১৯ জন পলাতক রয়েছেন। দুই অভিযোগপত্র মিলিয়ে বর্তমানে আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/০০১১ ঘ.