বাগেরহাট, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে কেনাবেচাসহ বিভিন্ন অভিযোগে বাগেরহাটের একটি মাছ ব্যবসা কেন্দ্রে তিন লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার মৎস্য মান নিয়ন্ত্রণ অধিদপ্তর ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে মাছ ডিপোতে এ অভিযান চালায়।
অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নিত্যানন্দ দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এটি খুলনা অঞ্চলের সবচেয়ে বড় চিংড়ি ও সাদা মাছের বাজার হিসেবে খ্যাত। এখানে এ ধরনের অভিযান আগে কখনো হয়নি বলে কর্মকর্তারা জানান।
র্যাব-৬ এর সহ-অধিনায়ক লে. কমান্ডার এম নূর-ই-আলম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বায়েজীদ ফিস ২৫ হাজার টাকা, বৃষ্টি ফিস ৫০ হাজার টাকা, ফেমা ফিস ১৫ হাজার টাকা, অন্তরা ফিস ৫০ হাজার টাকা, ঠা--মাসুদ-জুয়েল ফিস ২৫ হাজার টাকা, শাপলা ফিস ২৫ হাজার টাকা, উলবি আইস থেকে সাত হাজার টাকা আদায় করা হয়।
এছাড়া যাত্রাপুর অ্যান্ড লখপুর মৎস্য আড়তের ৫০ হাজার টাকা, খানজাহান আলী ফিসের ৫০ হাজার টাকা এবং মেসার্স জিনিয়া ফিসের ২৫ হাজার টাকার জরিমানার রশিদ দেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে মালিককে না পাওয়ায় তাদের জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে, বলেন তিনি।
নিত্যানন্দ দাস অভিযান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৎস্য ব্যবসায়ীদের মাছের মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের সনদ না থাকা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ কেনাবেচা ও প্রক্রিয়াজাত করার অপরাধে এই জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান রপ্তানিযোগ্য চিংড়ি মাছের মান নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে তিনি আশা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24