২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের শিক্ষকরা নিজ জেলায় ফিরতে পারবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯ ও ২০১০ সালে বিভিন্ন কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলা/উপজেলায় বদলি হতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯ ও ২০১০ সালে বিভিন্ন কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলা/উপজেলায় বদলি হতে পারবেন। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-১৯৯১ এর ৭(১)(খ) ধারা অনুযায়ী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/পোষ্য/সাধারণ কোটায় নিয়োগপ্রাপ্ত যেসব শিক্ষককে তাদের নিজ জেলা/উপজেলার বাইরে নিয়োগ দেওয়া হয়েছিলো তারা নিজস্ব জেলা/উপজেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে অবমুক্তির আদেশ নিয়ে স্থায়ী ঠিকানার নিজ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সরাসরি যোগদান করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-১৯৯১ এর ৭(১)(খ) ধারায় বলা আছে, বিভিন্ন কোটায় প্রার্থী পাওয়া না গেলে ওই শূন্য পদগুলো সংশ্লিষ্ট উপজেলা বা একই জেলার অন্য উপজেলার একই শ্রেণীর প্রার্থী দ্বারা পুরণ করা যাবে। এর পরেও পদ পুরণ না হলে অন্যান্য জেলার একই শ্রেণীর প্রার্থী দ্বারা পদ পূরণ করা যাবে। এই বিধিমালার আলোকেই ২০০৯ ও ২০১০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কোটায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অবমুক্তপ্রাপ্ত শিক্ষকদের স্ব স্ব উপজেলায় শূন্য পদের বিপরীতে পদায়নের ব্যবস্থা করবেন। তবে এই বদলির ফলে কোনো বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা তিন জনের কম হলে সংশ্লিষ্ট জেলা/উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ে শিক্ষক সমন্বয় করবেন। অবমুক্ত শিক্ষকদের নিজ উপজেলায় শূন্য পদ না থাকলে তাদের পার্শ্ববর্তী/নিকটবর্তী উপজেলায় শূন্য পদের বিপরীতে পদায়ন করা হবে। নিজ উপজেলায় পদায়নের ক্ষেত্রে মহিলা শিক্ষকদের অগ্রাধিকার দিতে হবে বলে আদেশে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই আদেশ জারির ফলে শিক্ষকদের অনেক সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তাও সমাধান করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/২০০০ ঘ.