২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সত্যিই চুলা জ্বালাইনি, বাড়ে'

দিনত হামরা সত্যিই চুলা জ্বালাইনি, বাড়ে। কোনোকিছু রান্ধিনি। তুমরাহ রান্নাঘরত যায় দেখ, ওনং মনে হছে নাকি?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

পঞ্চগড়/কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনত হামরা সত্যিই চুলা জ্বালাইনি, বাড়ে। কোনোকিছু রান্ধিনি। তুমরাহ রান্নাঘরত যায় দেখ, ওনং মনে হছে নাকি? পঞ্চগড়ের গারাতি ছিটমহলের বছিরন (৭৫) এভাবেই 'অরন্ধন' কর্মসূচি পালনের প্রমাণ দেখানোর চেষ্টা করেন। মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ছিটমহল বিনিময় দ্রুত বাস্তবায়নের দাবিতে দু'দেশের ১৬২ ছিটমহলের বাসিন্দারা মঙ্গলবার 'অরন্ধন' কর্মসূচি পালন করে। গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে দশদিনের কর্মসূচির অংশই এই 'অরন্ধন' কর্মসূচি। মঙ্গলবার ছিলো কর্মসূচির পঞ্চম দিন। সদর উপজেলার ওই ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদার রহমান বলেন, এ কর্মসূচি পালনের জন্য আগেই লোকজনকে অবহিত ও সচেতন করা হয়েছিল। বাংলাদেশি নাগরিক হওয়ার প্রবল আকাঙ্খায় তারা প্রতিটি কর্মসূচি কঠোরভাবে পালন করছে। গারাতির মতো পঞ্চগড়ের অভ্যন্তরে ভারতীয় অন্য ছিটমহগুলোর প্রায় সব বাড়িতেই মঙ্গলবার সারাদিন রান্নার জন্য চুলা জ্বালানো হয়নি বলে জানান মফিদার। ছিটমহলের বাসিন্দারা জানান, বাড়ির ছোট ছেলেমেয়েরা রাতের রান্না করা বাসি খাবার ও শুকনো খাবার খেয়ে দিন কাটায়। বড়দের অনেকে সামান্য শুকনো খাবার খেয়ে কাটান। সন্ধ্যার দিকে বাতি জ্বালিয়ে গৃহিনীদের রান্নাবান্নার কাজ শুরু করতে দেখা যায়। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দশদিনের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার, শনিবার ও রোববার জনমত গঠন ও গণস্বাক্ষর সংগ্রহ, সোমবার ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিষ্প্রদীপ সন্ধ্যা, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাড়িতে দিনের বেলায় অরন্ধন, বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন, বৃহস্পবিার (২৯ সেপ্টেম্বর) মৌন মিছিল, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইসাইকেল মিছিল, শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মশাল মিছিল এবং শেষদিন রোববার (২ অক্টোবর) বিক্ষোভ সমাবেশ। কাজলদীঘি শালবাড়ি ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, পাশের নাটক টোকা ও দহলা খাগড়াবাড়িসহ তার এলাকাতে গৃহিনীরা রান্নার চুলো জ্বালায়নি। তিনি জানান, ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশি নাগরিকত্ব পেতে যে কোনো কর্মসূচি পালন করতে প্রস্তুত আছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত ও বাংয়লাদেশের ১৬১টি ছিটমহলে একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে। তিনি বলেন, ২ অক্টোবর পর্যন্ত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ের বিভিন্ন ছিটমহলেও এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকায় স্থলসীমা নিয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এ ছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এ প্রটোকলের আওতায়। তবে প্রটোকলে ছিটমহল বিনিময় বিষয়ে নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই- এমন অভিযোগে দুই দেশের ছিটমহলের নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তাদের আশঙ্কা- বিষয়টি আবারো ঝুলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৭ ঘ.