২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় বিএনপি: নাসিম

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধী ও হাওয়া ভবনের 'লুটেরাদের' বাঁচাতেই বিএনপি আন্দোলনের নামে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধী ও হাওয়া ভবনের 'লুটেরাদের' বাঁচাতেই বিএনপি আন্দোলনের নামে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির জনসভার কয়েক ঘণ্টা আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিকালে ওই জনসভায় বিএনপি চেয়ারপারসনের সরকাবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। বিভিন্ন কর্মসূচি পালনে বাধা পাওয়ার যে অভিযোগ বিএনপি করছে, তা প্রত্যাখ্যান করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এদের মিছিলে বাধা দেওয়ার দরকার নেই। তারা হরতাল ডেকে মাঠে নামারই সাহস পায় না।" "কর্মী না থাকায় আন্দোলনের কর্মসূচি দিয়েও বিএনপি মাঠে নামতে পারছে না। বিএনপির ডাকা গত হরতালে আওয়ামী লীগ নেতাকর্মীরাই রাজপথ দখল করে রেখেছিলো। বিএনপির নেতারা দলীয় কার্যালয়ে চেয়ার নিয়ে বসেছিলেন," বলেন নাসিম। শেখ হাসিনার ৬৫তম জন্ম দিবস উপলক্ষে বাংলাদেশ ওলামা লীগ এই আলোচনা সভার আয়োজন করে। ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৪৪১ ঘ.