২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন ট্রানজিটের পক্ষে, বললেন রাষ্ট্রদূত

বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিটের বিষয়টিকে চীন ইতিবাচকভাবেই দেখছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জেং জিয়ানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিটের বিষয়টিকে চীন ইতিবাচকভাবেই দেখছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জেং জিয়ানি। সোমবার রাজধানীর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "আমরা সংযোগের পক্ষে। তবে এটি হতে হবে শান্তিপূর্ণ উপায়ে।" ট্রানজিটের মাধ্যমে ভারত, পাকিস্তান, নেপালসহ অন্যান্য দেশের সঙ্গে সংযোগ স্থাপনে চীন নিজেও আগ্রহী- এমন কথা জানিয়ে জেং জিয়ানি বলেন, এতে দেশগুলোর উন্নয়ন প্রক্রিয়া গতিশীল হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে চীন খুবই ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি। "বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশি। এ দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সহযোগিতা এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য সহায়ক হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আমরা খুব ইতিবাচকভাবে দেখছি।" তার মতে, বাংলাদেশের খুব সুবিধাজনক ভৌগলিক অবস্থানে রয়েছে এবং এটা একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত হতে পারে। জেং জিয়ানি বলেন, "আমরা সংযোগের পক্ষে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রস্তুত। মিয়ানমার সীমান্ত পর্যন্ত আমরা সড়কপথ আধুনিক করছি। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সংযোগের জন্য সড়ক উন্নয়নে মিয়ানমারকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।" তবে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপনের অগ্রগতি বাধাগ্রস্ত করার মতো অনেক বিষয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই চীনা কূটনীতিক বলেন, "সব পক্ষের সমঝোতায় পৌঁছানো এবং অর্থের সংস্থান একে বাধাগ্রস্ত করতে পারে।" ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার বিষয়ে বাংলাদেশের মতোই চীনের অবস্থান বলে জানিয়ে তিনি বলেন, "ফিলিস্তিনের দাবিকে আমরা সমর্থন করি এবং এ বিষয়ে বাংলাদেশের মতোই আমাদের দৃষ্টিভঙ্গি। ১৯৬৭ সালের সীমান্ত রেখা অনুযায়ী আমরা ওই সমস্যার সমাধান চাই।" বাংলাদেশকে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গত ৩৬ বছর ধরে চীনের অব্যাহত সহযোগিতার কথা তুলে ধরে এই রাষ্ট্রদূত ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, ১৪ বা ১৫ মাস আগে বাংলাদেশকে ৪৪টি সাঁজোয়া যান দিয়েছে চীন। ২০০৯-১০ অর্থবছরে চীন এক কোটি ৭০ লাখ ডলারের অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি করে। তবে গত অর্থবছরে ওই রপ্তানির পরিমাণ কমে এক কোটি ডলারে দাঁড়িয়েছে। জেং জিয়ানি জানান, উজানের দেশ হয়ে অভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন এমন কিছু করবে না যাতে ভাটির দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়। সংবাদ মাধ্যমে ভুল খবর ছাপা হয়েছে যে, নদীর প্রবাহ আটকাতে ড্যাম তৈরি করছে চীন। এটা সত্য নয়। "আমরা সব সময় ভাটির দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। গত মাসে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের একদল প্রতিনিধি বাংলাদেশ সফর করে এদেশের কর্মকর্তাদেরকে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন।" চীন বাংলাদেশকে বিনামূল্যে নদী প্রবাহের তথ্য দিয়েছে বলেও দাবি করেন চীনা রাষ্ট্রদূত। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরে জেং জিয়ানি বলেন, এ বছর দ্বিপক্ষীয় বাণিজ্যে উদ্বৃত্ত হবে আটশ' কোটি ডলার। ২০১১ সালের প্রথম ছয় মাসে দ্বিপক্ষীয় বাণিজ্য চারশ' ১০ লাখ ডলারে পৌঁছেছে। বাংলাদেশের রপ্তানি হয়েছে ২০ কোটি ডলার। তার মতে, এ ঘাটতির পেছনে মূল কারণ হলো বাণিজ্য কাঠামোতে সমস্যা। চীনের এই কূটনীতিক বলেন, "আমরা বাংলাদেশ থেকে আমদানি করতে চাই। গত বছর জুলাইয়ে আমরা বাংলাদেশি চার হাজার ৭৬২টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এএল/২২০৬ ঘ.