ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান নর্থ এভিনিউতে একটি জিপগাড়ি সড়কদ্বীপে ধাক্কা লেগে উল্টে গেলে চার তরুণ-তরুণী আহত হন।
আহতরা হলেন- ফকরুল আল সালেহীন (২৪), রিয়াজুর রহমান (২৬), মেহনাজ হুদা (২০) ও সিনথিয়া আফরোজ (২০)।
সোমবার বিকাল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। আহত ফকরুল চট্রগ্রাম স্টক একচেঞ্জের সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদের ছেলে।
আহতরা সবাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সিনথিয়ার অবস্থা আশঙ্কাজনক।
একই থানার উপ-পরিদর্শক মো. আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেহনাজ হুদার মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মেয়ে বিকালে তাদের গাড়ি নিয়ে বের হয়। পরে গাড়ি ছেড়ে দিলে বাসায় চালক এসে জানায় মেহনাজ বান্ধবীর গাড়িতে করে সে খেতে গেছে।
তবে আহত বাকি ওই তিনজনকে তিনি ভালভাবে চেনে না বলে জানান।
ফখরুদ্দিন আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলের দুর্ঘটনার খবর তিনি পেয়েছেন। বর্তমানে সিলেটে থাকায় আসতে পারছেন না।
তিনি বলেন, "আমার ছেলে ভাল আছে শুনেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২০৩ ঘ.
bdnews24