২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আহমেদের মৃত্যুর দায় বিচারপতিরা এড়াতে পারে না'

বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যুর দায় বিচারপতিরা 'এড়াতে পারেন না' বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যুর দায় বিচারপতিরা 'এড়াতে পারেন না' বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, জামিন পেলে 'পুলিশের নির্মম নির্যাতনে' এম ইউ আহমেদের মৃত্যু হতো না। সোমবার সমিতির এক সাধারণ সভায় তিনি বলেন, "আমরা এম ইউ আহম্মেদসহ আইনজীবীদের জামিনের জন্য দ্বারে দ্বারে ঘুরেছিলাম। "হাইকোর্ট জামিন দিলে পুলিশের নির্মম নির্যাতনে এম ইউ আহম্মেদের মৃত্যু হতো না। এর দায় বিচারপতিরা এড়াতে পারেন না।" পুলিশি নির্যাতনে আইনজীবী আহম্মেদের মৃত্যু হয়েছে- এ অভিযোগে সারাদেশেই প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি। হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহমেদ গত ২৬ অগাস্ট স্কয়ার হাসপাতালে মারা যান। তার পরিবার ও বিএনপির অভিযোগ, ১১ অগাস্ট গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনই এ আইনজীবীর মৃত্যুর কারণ। এম ইউ আহমেদ হত্যা মামলা গ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, "ফৌজদারী অপরাধ কখনও তামাদি হয় না। যদি মনে করেন ক্ষমতার জোরে মামলা থেকে রেহাই পাবেন তা হবে না। এ দিন দিন নয়, আরো দিন আছে। "ক্ষমতা চীরস্থায়ী নয়। আজ যারা ক্ষমতায় আছেন তাদেরও একদিন হাইকোর্টে আসতে হবে।" সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে আইনজীবী সমিতির এই সভা হয়। প্রতি পদে পদে আইনশৃঙ্খলা বাহিনী 'প্রতিশোধের হুমকি' দিচ্ছে অভিযোগ করে তাদের 'বাড়াবাড়ি' না করতে বলেন মাহবুব। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, "বাড়াবাড়ি করবেন না। আপনাদের আমলনামা লেখা হচ্ছে। সুপ্রিম কোর্টে আঘাত এসেছে। একদিন প্রতিশোধ নেওয়া হবে ইনশআল্ল¬াহ। প্রতি পদে পদে প্রতিশোধ নেওয়া হবে।" সভায় অবকাশ শেষে বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। জ্যেষ্ঠ বিচারপতিদের দিয়ে গুরুত্বপূর্ণ বেঞ্চ পুর্নগঠনেরও দাবি জানায় সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/২১২৫ ঘ.