২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার

নগরীর বন্দর ও চান্দগাঁও থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর ও চান্দগাঁও থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে বন্দর এলাকার সিমেন্ট ক্রসিংয়ে রোকসানা (১৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে চান্দগাঁওয়ের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি। রোকসানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার মকবুল হাসানের মেয়ে। আট মাস আগে পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকার মেহেদি হাসানের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা। স্বামী-স্ত্রী দুইজনই চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইউপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আলমগীর বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, রোববার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে রোকসানার লাশ উদ্ধার করে। "প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তার গলার নিচে কালো দাগ রয়েছে।" নিহতের মামা আবদুল জব্বার সাংবাদিকদের বলেন, "নিজের ইচ্ছায় বিয়ে করার কারণে পরিবারের সঙ্গে রোকসানার সম্পর্ক ছিল না। সম্প্রতি বিষয়টি তার বাবা (মকবুল) মেনে নিলেও মেহেদির পরিবার দুই লাখ টাকা যৌতুক দাবি করে।" টাকা না দেওয়ায় রোকসানাকে মারধর করা হতো বলে তিনি অভিযোগ করেন। চান্দগাঁওয়ে যার লাশ উদ্ধার করা হয় তাকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় বলে স্থানীয়রা জানান পুলিশকে। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, তার শরীরে মারধরের চিহ্ন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২০৩৫ ঘ.