বাগেরহাট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে খাবারে চেতনানাশক মিশিয়ে একটি পরিবারের সবাইকে অচেতন করে চুরি করার খবর পাওয়া গেছে।
রোববার রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মেছোখালী গ্রামে এই ঘটনায় ওই পরিবারের ছয় সদস্য অচেতন হয়ে যায়।
সোমবার সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
হাসপাতালে রয়েছেন গাজী রফিকুল ইসলাম (৩৫), তার বাবা ইছহাক গাজী (৭০), মা রিজিয়া বেগম (৫০), স্ত্রী কামরুন্নেছা (২৫), ভাগ্নি ইমি (৮) এবং ভাতিজা তৌহিদুল ইসলাম (৬)।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বিদ্যুৎ কান্তি পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে ছয় জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের খাবারে চেতনানাশক মেশানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা এখন আশঙ্কামুক্ত।
বিকালে হাসপাতালে গিয়ে দেখা যায় রফিকুল ইসলামের জ্ঞান ফিরেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১১টার দিকে তিনি দেপাড়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে এক লাখ টাকা নিয়ে বাড়ি আসেন। এ সময় বাড়িতে শুধু তার স্ত্রী জেগে ছিলেন। অন্যরা ঘুমাচ্ছিলেন।
স্ত্রীকে নিয়ে রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।
এরপর সোমবার দুপুরে তিনি নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পান।
রাতে কখন কী হয়েছে তার কিছুই তিনি জানেন না বলে জানান।
রফিকুলের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে অনেক বেলা পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের হাসপাতালে নিয়ে যায়।
তিনি বলেন, ঘরের পেছনের দিকে সিঁদ কেটে ভেতরে চোর ঢুকেছে।
তবে কী চুরি করেছে তা ওই পরিবারের সদস্যরা বাড়ি না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না।
কচুয়া থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কেউ অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২১ ঘ.
bdnews24