২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামচন্দ্রপুর খালে উচ্ছেদ চলছে

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ তৃতীয় দিনের মতো চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ তৃতীয় দিনের মতো চলেছে। এক বছর স্থগিত থাকার পর শনিবার থেকে পুনরায় এ উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা ওয়াসা। গত বছরের ১৮ অক্টোবর কর্তৃপক্ষ এই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে খালের ওপর বসবাসকারীরা নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বাধা দেয়। এ কারণে উচ্ছেদ অভিযান স্থগিত করেছিলো ওয়াসা। এরপর থেকে রাজধানীতে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম ঝিমিয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ১০টায় তৃতীয় দিনের মতো এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযানের প্রথম ও দ্বিতীয় দিনে খালের ওপর গড়ে ওঠা শতাধিক বস্তি ঘর এবং খালের পাড়ে ১০টির মতো পাকা ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।" "মোহাম্মদপুরের শিয়া মসজিদের পশ্চিম দিকে নবোদয় হাউজিংয়ের ঢাল থেকে গাবতলী পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এর দুই পাড়ে অবৈধভাবে দুই শতাধিক বস্তি ঘর গড়ে তোলা হয়েছে। এছাড়া ১৪/১৫টি দুই থেকে ছয় তলা পর্যন্ত পাকা ভবনের কিছু অবৈধ অংশও খালের মধ্যে আছে।" নবোদয় হাউজিংয়ের ঢাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি । উচ্ছেদ অভিযানে পুলিশ সহযোগিতা করছে। পুরো খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানান ওয়াছিউদ্দিন। গত বছরের ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে ঢাকা ও এর আশপাশের অবৈধ খাল দখলমুক্ত করার জন্য ঢাকা ওয়াসা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এর অংশ হিসেবে গত বছরের ৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর খালসহ আরো দুইটি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ওয়াসা। এছাড়া চলতি বছরের ১২ সেপ্টেম্বর কল্যাণপুর 'ঘ' খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১২০৬ ঘ.