চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবু বকর রফিককে আটক করেছে পুলিশ।
বিদেশে যাওয়ার সময় সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
পতেঙ্গা থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর মুরাদপুরে পুলিশের ওপর জামায়াতে ইসলামী কর্মীদের হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবু বকর রফিককে আটক করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা মোশতাক খোন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যাপক রফিক একটি সেমিনারে যোগ দিতে কুয়েত যাচ্ছিলেন। সেখানে প্রবন্ধ উপস্থাপনের কথা ছিল তার।
গত ১৯ সেপ্টেম্বর মুরাদপুরে পুলিশের ওপর জামায়াতের কর্মীদের হামলার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। ওইদিন ঢাকায়ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত কর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর করে।
ওই রাতেই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং প্রচার সম্পাদক তাসনীম আলমসহ দলটির তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুরাদপুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় তিন হাজার জনকে আসামি করে একটি মামলা করে। এ ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮৫৭ ঘ.
bdnews24