চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর ১২ থানায় এবার মোট ২৩০টি মণ্ডপে পাঁচ দিনব্যাপী হবে দুর্গাপূজা।
সোমবার বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়াজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক রানা বিশ্বাস বলেন, মহানগরীর ১২টি থানায় ২৩০টি পূজামণ্ডপে আগামী ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপিত হবে।
গত বছর নগরীতে মোট ২২০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিলো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নগরীর জে এম সেন হলে দেবী পক্ষের শুভ উদ্বোধন ও মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহালয়া উদ্বোধন করবেন বাঁশখালী ঋষিধামের মোহন্ত স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র মনজুর আলম।
পাশাপাশি পরিষদের পক্ষ থেকে শারদীয় দর্গোৎসব উপলক্ষে চার দিন সরকারি ছুটি ঘোষণাসহ ১৯ দফা দাবি উপস্থাপন করা হয় ওই সংবাদ সম্মেলনে।
এসব দাবির মধ্যে রয়েছে- বাহাত্তরের অসা¤প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে সব জটিলতার অবসান এবং রাজনীতি ও নির্বাচনে ধর্ম ও সা¤প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৮০৬ ঘ.
bdnews24