ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ইঁদুর নিধন অভিযানে গত বছর মোট ১ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৩৫৭টি ইঁদুর মারা হয়েছে। এতে রক্ষা পেয়েছে ৮০ হাজার ৫৪৫ টন খাদ্যশস্য।
সোমবার সকালে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরে এ বছরের ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেন ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা।
তিনি বলেন, "মাঠ থেকে শুরু করে গোলাঘর পর্যন্ত কৃষি পণ্যের একটি বিরাট অংশ নষ্ট হচ্ছে ইঁদুরের কারণে। এটা কেবল বিপুল পরিমাণ খাদ্যশস্য কিংবা অন্যান্য সম্পদই নষ্ট করে না, জনস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশের জন্যও এটা মারাত্মক হুমকি।"
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বীজ উইং-এর মহাপরিচালক আনোয়ার ফারুক বলেন, "বছরে প্রায় ১৫ লাখ টন খাদ্যশস্য নষ্ট হয় ইঁদুরের কারণে। অথচ আমরা যে পরিমাণ খাদ্যশস্য আমদানি করি, তার পরিমাণ ৫ লাখ টনের বেশি নয়।"
ইঁদুর নিধন অভিযানকে আরও সফল করে তুলতে অন্যান্য উদ্যোগের পাশাপাশি কৃষকদের মাঝে ১ কোটি টাকার যন্ত্রপাতি বিতরণ করা হবে জানিয়ে তিনি বলেন, "যদি ৫ কোটি টাকা ব্যবহার করে ১ হাজার কোটি টাকার ফসল বাঁচানো যায়, তাহলে আমরা তাই করবো।"
জাতীয় পর্যায়ে ইঁদুর নিধনে বিশেষ ভূমিকা রাখার জন্য এই অনুষ্ঠানে কৃষকসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিবছর উৎপাদিত আমন ধান এবং গোলআলুর ৫ থেকে ৭ শতাংশ, গমের ৮ থেকে ১২ শতাংশ, আনারসের ৬ থেকে ৯ শতাংশ, শাকসবজির ৪ থেকে ৫ শতাংশ, নারিকেল বাগানের ৮ থেকে ৯ শতাংশ, তরমুজের ৬ থেকে ৭ শতাংশ নষ্ট হয় ইঁদুরের কারণে। এছাড়া সেচনালার ৭ থেকে ১০ শতাংশ পানি এবং গুদামজাত ফসলের প্রায় ২০ শতাংশ নষ্ট করে ইঁদুর।
ফসল ছাড়াও রাস্তাঘাট, বাঁধ ও সেচের নালায় গর্ত করার ফলে প্রতিবছর নষ্ট হয় কোটি কোটি টাকার সম্পদ।
শুধু এশিয়াতেই ইঁদুরের কারণে যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট হয়, তা দিয়ে বছরে ২০০ কোটি মানুষকে খাওয়ানো সম্ভব।
বাংলাদেশে ১৯৮৩ সাল থেকে সরকারিভাবে ইঁদুর নিধন অভিযান শুরু করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খামারবাড়ীর উদ্ভিদ সংরক্ষণ উইং এর 'কীট নিয়ন্ত্রণ' কর্মকর্তা মো. কুদরত-ই-গণি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৮০৫ ঘ.
bdnews24