চাঁদপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে যুবদল ও যুবলীগ সভা আহ্বান করায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার আশ্বিনপুর বাজার ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মাহমুদ হাসান।
তিনি জানান, সোমবার বিকাল ৩টায় আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে কর্মী সমাবেশ ডাকে যুবদল। এজন্য তারা ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতিও নেয়। কিন্তু ওইদিন বিকালে স্কুল মাঠে একই সময়ে সমাবেশের ডাক দেয় যুবলীগও।
ফলে আইনশৃঙ্ঘলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার দুপুর আড়াইটা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৫ ঘ.
bdnews24