খুলনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুন হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাঁধ নামক এলাকা থেকে প্রধান শিক্ষক সেকেন্দার আলীর (৫০) লাশ উদ্ধার করা হয়।
বটিয়াঘাটার থানার ওসি আব্দুল কাদের বেগ সাংবাদিকদের জানান, রোববার বিকালে সেকেন্দার আলী তার মেয়ে জামাই মবিন মোল্লাকে নিয়ে মটর সাইকেলে করে নিউমার্কেট এলাকায় বাজার করতে যান। বাজার করার এক পর্যায়ে তার মোবাইলে একটি ফোন আসে। এর কিছু সময় পর এক যুবক মটর সাইকেলে এসে তাকে নিয়ে যায়।
এরপর থেকেই সেকেন্দার আলী নিখোঁজ ছিলেন। সোমবার সকাল ৯টার দিকে পুলিশ তার বস্তা বন্দি লাশ উদ্ধার করে।
নিহতের গলায় নাইলনের দড়ির দাগ রয়েছে। দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলে রেখে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ওসি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সেকেন্দার আলী নগরীর রায়েরমহল এলাকারই বাসিন্দা। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর স্ত্রীকে নিয়েই তিনি থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩৯ ঘ.
bdnews24