খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে যশোরে সিরিজ বোমা হামলায় অভিযুক্ত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) দুই এহসার সদস্যকে ছয় বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
এছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাভোগ করতে হবে।
রোববার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সেকান্দার আলী এই আদেশ দেন। এ সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দ-িতরা হলেন আবদুর রাকিব ওরফে নুর উদ্দিন (২২) ও মতিউর রহমান ওরফে মাসুদ (২০)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের বিভিন্ন স্থানের মতো যশোরেরও কয়েকটি স্থানে জেএমবি সদস্যরা বোমা হামলা চালায়।
এ হামলায় জড়িত অভিযোগে ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি বারান্দিপাড়া থেকে জেএমবির এহসার সদস্য আবদুর রাকিব ওরফে নুর উদ্দিন ও মতিউর রহমান ওরফে মাসুদকে গ্রেপ্তার করে র্যাব।
পরে যশোর কোতোয়ালি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বাদী হয়ে ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত কর্মকর্তা সিআইডি যশোর অঞ্চলের উপ-পরিদর্শক (এসআই) মো. আলিম মোল্লা ২০০৮ সালের ১৬ অগাস্ট ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলায় ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24