২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিকার বেত্রাঘাতে ৬৪ শিশু শিক্ষার্থী আহত

মাদারীপুর সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার পিটুনিতে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অন্তত ৬৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার পিটুনিতে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অন্তত ৬৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার দুপুরে লেবুতলী বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত শিশু নোমান, সামিরা, সানি, মিলন, জনিসহ আরো কয়েকজন সাংবাদিকদের জানায়, দুপুরে তাদের শিক্ষিকা মাসুমা আক্তার শম্পা ক্লাসে ঘুমাচ্ছিলেন। ওই সময় তাদের হইচইয়ে ঘুম ভেঙে গেলে তিনি কক্ষের দরজা বন্ধ করে বেত দিয়ে শিক্ষার্থীদের পেটাতে শুরু করেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অমল কুমার কু-ু বলেন, বেত্রাঘাতে দুই ক্লাসের ৬৪ জন শিক্ষার্থীর প্রত্যেকে কমবেশি আহত হয়েছে। "দু'য়েকদিনের মধ্যেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষিকা মাসুমা আক্তারকে নিয়ে ব্যবস্থাপনা কমিটি বসবে। দোষী সাব্যস্ত হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব," বলেন তিনি। অভিযুক্ত শিক্ষিকা মাসুমা আক্তার শম্পা অভিযোগ স্বীকার করে বলেন, "আমি অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের মারা আমার অন্যায় হয়েছে। আমি অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছি।" মাদারীপুর সদর থানার পরিদর্শক শ্যামল কুমার বলেন, "বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেত্রাঘাতে শিক্ষার্থীদের গায়ে ফুলা দাগ ও জখম হয়েছে।" সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.