২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর ঘোষণায় ইটভাটা মালিকদের ক্ষোভ

ইটভাটায় নতুন প্রযুক্তি চালুর এক বছরের মাথায় আবারো আরেক প্রযুক্তি চালুর ঘোষণা দিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। এ নিয়ে হতাশা প্রকাশ করেছে ইটভাটা মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইটভাটায় নতুন প্রযুক্তি চালুর এক বছরের মাথায় আবারো আরেক প্রযুক্তি চালুর ঘোষণা দিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। এ নিয়ে হতাশা প্রকাশ করেছে ইটভাটা মালিক সমিতি। রোববার হোটেল সোনারগাঁওয়ে এক কর্মশালায় প্রতিমন্ত্রী হাছান মাহমুদ আগামী এক বছরের মধ্যে দেশের সব ইটভাটা পরিবেশবান্ধব প্রযুক্তি হাইব্রিড হফম্যান কিনসের (এইচএইচকে) আওতায় আনার ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, ইট প্রস্তুত প্রক্রিয়া পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। গতানুগতিক এফসিকে (ফিক্সড চিমনি কিনস) পদ্ধতিতে ইট প্রস্তুতে কয়লা বেশি লাগার পাশাপাশি বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ ঘটে। সমীক্ষায় দেখা গেছে, ঢাকা শহরের বায়ুদূষণের জন্য ঢাকার চারপাশের ইটের ভাটাগুলোর দায় ৩৮ শতাংশ। বর্তমান বিশ্বে এইচএইচকে একটি বহুল ব্যবহৃত ইট প্রস্তুত পদ্ধতি। চীন ১৯৯৪ সালে সর্বপ্রথম এ প্রযুক্তি চালু হয়। বর্তমানে চীনের প্রায় শতভাগ ইটভাটায় এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। গতবছর ইট প্রস্তুতে বাংলাদেশে ভিএসবি (ভার্টিক্যাল শ্যাফট ব্রিক কিনস) বা জিকজ্যাক প্রযুক্তি চালু করা হয়। এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, গতানুগতিক প্রযুক্তি এফসিকের তুলনায় এর কার্বন নিঃসরণ ৪০ শতাংশ কম। তবে প্রস্তাবিত নতুন প্রযুক্তি এইচএইচকে আরো কার্যকর। এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ কমানো সম্ভব। আগামী বছরের মধ্যে দেশের সব ইটভাটাকে এর আওতায় আনা হবে বলে জানান তিনি। ক্লিন এয়ার সাসটেইনেবল প্রজেক্ট (সিএএসই) এবং বিশ্বব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। বিশ্বব্যাংক ঢাকা অফিসের ভারপ্রাপ্ত প্রধান জাহিদ হোসাইন সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন নীতিকে অভিনন্দন জানান। 'আমাকে কথা বলতে দেওয়া হয়নি' এক বছরের মধ্যে সব ইটভাটায় এইচএইচকে প্রযুক্তি চালুর ঘোষণা এলেও ইটভাটা মালিক সমিতির মহাসচিব আলি আশরাফ ইফতেখার ক্ষুব্ধ কণ্ঠে সাংবাদিকদের বলেন, "আমরা সবসময় সরকারকে সহযোগিতা করে এসেছি। কিন্তু আজকের প্রোগ্রামে আমাকে কথা বলার কোন সুযোগ দেওয়া হলো না।" "আমরাও চাই পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে। কিন্তু গত বছর জিকজ্যাক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেওয়ার আগেও সরকার আমাদের সঙ্গে আলোচনা করেনি, এবারও আলোচনা করলো না।" ইফতেখার অভিযোগ করেন, "এমনিতেই ব্যাংক ঋণ দিতে চায় না। গত বছর জিকজ্যাক প্রযুক্তি ব্যবহারের জন্য অনেক ব্রিকফিল্ড মালিক ঋণ নিয়েছেন, যাদের ঋণের মেয়াদ ছয় মাসও পূর্ণ হয়নি। এর মধ্যে এই নতুন প্রযুক্তি আমাদের জন্য নতুন হয়রানি তৈরি করবে।" অবশ্য তার কথা সঠিক নয় বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "তাদের এই বক্তব্য সঠিক নয়। বেসরকারি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে- কেউ যদি পরিবেশবান্ধব কারখানা স্থাপনের জন্য ঋণ চান তাকে যেন সহজ শর্তে তা দেওয়া হয়।" এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক পরিবেশবান্ধব শিল্প ঋণ দেওয়ার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান মন্ত্রী। এ ছাড়া জাতিসংঘ থেকে এ খাতে দেড়শ মিলিয়ন ডলার সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২০১৪ ঘ.