ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ কিডনি ব্যবসা সংক্রান্ত মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব স্মৃতি রাণী ঘরামী স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
গত ২৯ অগাস্ট ধারা ৩২৬/৩০৭/৪২০ দণ্ডবিধিসহ মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ এর ১০(১) ধারায় জয়পুরহাটের কালাই থানায় ওই মামলাটি করা হয়।
সিআইডি'র মহা-পুলিশ পরিদর্শক বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কিডনি ব্যবসা সংক্রান্ত মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসাবে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হচ্ছে।
গত ২১ সেপ্টেম্বর এই নির্দেশনা জারি করা হয়।
জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে একটি চক্র দরিদ্র মানুষদের টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করে আসছিলো। সম্প্রতি জেলার কালাই উপজেলার প্রায় দুইশ' মানুষের কিডনি বিক্রি করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এরই মধ্যে কিডনি বিক্রির চক্রে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনার পর গত ১৯ সেপ্টেম্বর 'কিডনি ব্যবসা' তদন্তে উচ্চ ক্ষমতার জাতীয় একটি কমিটি করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি কমিটি গঠনের পরবর্তী ১৫ দিনের মধ্যে কিডনি ব্যবসা নিয়ে হাইকোর্টে একটি প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর কিডনি ব্যবসায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৪০ ঘ.
bdnews24