ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থায়ন সংক্রান্ত আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে হটিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে ছিলো। ওই সময় শিক্ষার্থীদের ঘেরাওয়ের মুখে পড়েন সরকারদলীয় সংসদ সদস্য মোসলেমউদ্দিন আহমেদ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের দাবির প্রতি সমমর্মিতা দেখিয়েছেন। অবশ্য ভাংচুরের সমালোচনা করেছেন তিনি।
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর বছর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে।
শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সমর্থন রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ উৎস থেকে করতে হবে- একটি দৈনিকে এ প্রতিবেদন দেখে সকাল ১১টায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নেয় তারা। এতে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্ররা জানায়, আগে তাদের সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থাকলেও অভ্যন্তরীণ আয় বাড়াতে গিয়ে এখন তা ২০ হাজার টাকা করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে আইনে ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তার ২৭(৪) ধারায় বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করতে হবে।
"এ আইন পরিবর্তনের জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। কারণ এটি বাস্তবায়ন করলে টিউশন ফি অনেক বেড়ে যাবে, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর পার্থক্য থাকবে না," বলেন তিনি।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- আইনের ২৭ (৪) ধারা বাতিল, বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধার, গ্রন্থাগার স্থাপন, পরিবহন সুবিধা বাড়ানো ইত্যাদি।
বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্ত করতে শিক্ষকরাও যান সেখানে। দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন প্রেসক্লাবের সামনে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, আইন সংশোধনের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করছে।
উপাচার্য শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি শিক্ষার্থীরা। দুপুর পৌনে ২টার দিকে উপাচার্য চলে গেলে ২টার দিকে পুলিশ লাঠিপেটা শুরু করে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সঙ্গে ছাত্রলীগকর্মীরাও তাদের ওপর চড়াও হয়।
পুলিশের ধাওয়ায় পালানোর সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি বিআরটিসি বাসসহ ডজন খানেক গাড়ি ভাংচুর করে। সেখান থেকে ছয় জনকে আটক করে পুলিশ। পুলিশ অভিযান শুরুর ১০ মিনিটের মধ্যে ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
ছাত্রদের লাঠিপেটার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, "শিক্ষার্থীদের বারবার বোঝানো হলেও তারা রাস্তা ছাড়ছিলো না। তাদের বলেছিলোম, আপনারা ক্যাম্পাসে ফিরে শান্তিপূর্ণ বিক্ষোভ করুন। কিন্তু তারা উল্টো গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ তৎপর হয়।"
তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ লাঠিপেটার পর চলে যাওয়ার সময় ছাত্ররা গাড়ি ভাংচুর করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েকটি গাড়িও ভাংচুর করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জবি প্রতিনিধি জানিয়েছেন।
অবরোধে আটকা এমপি
ময়মনসিংহ-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিন মৎস্য ভবনের দিক থেকে প্রেসক্লাবের দিকে যাওয়ার পথে বিক্ষোভে আটকা পড়েন। ছাত্ররা তার গাড়ির সামনে শুয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টা সেখানে আটকে ছিলেন মোসলেম। ২টায় পুলিশ শিক্ষার্থীদের হটিয়ে দিলে মুক্ত হন তিনি।
মোসলেম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার আছে। তবে গাড়ি আটকিয়ে, কাউকে অবরোধ করে আন্দোলন তো গণতান্ত্রিক নয়।"
অবরোধের সময় 'জরুরি কাজে' মন্ত্রণালয়ে যাচ্ছিলেন জানিয়ে এ সংসদ সদস্য বলেন, "মুক্ত হয়ে ন্যাম ভবনে ফিরে আসি।"
অবরোধ পরিস্থিতি তার মধ্যে কোনো ভীতি সঞ্চার করেছিলো কি না জানতে চাইলে তিনি বলেন, "ছাত্রদল ও শিবিরের জ্বালাও-পোড়াও প্রবণতা রয়েছে। তবে অনেক পুলিশ থাকায় গাড়ি জ্বালিয়ে দেওয়ার চিন্তা করিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/কেটি/এএএইচ/এমআই/১৮৩৪ ঘ.
bdnews24